সমস্যাকেই সুযোগ ভাবছে বার্সা
মেসি খেলতে পারবেন তো? গত মঙ্গলবার রাতে প্যারিসের অলিগলি হয়ে বার্সেলোনার রাজপথে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেটি এখনো টাটকা। বুধবারের আর বেশি দেরি নেই। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনো পুরো সেরে উঠতে পারেননি লিওনেল মেসি। শেষ মুহূর্তে মুঠোগলে জয় ফসকে যাওয়ায় ফিরতি লেগ অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বার্সার জন্য। আর সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বার্সা হয়তো পাচ্ছে না তাদের হূৎপিণ্ডকেই! মেসিকে নিয়ে যে অনিশ্চয়তা এখনো!মেসিকে ছাড়া বার্সার খেলার অভিজ্ঞতা সত্যিই বিরল। মেসির গোল ছাড়া ম্যাচ জেতার অভিজ্ঞতাও যেমন হ্যালির ধূমকেতু। মেসিকে ছাড়া বার্সা কেমন করবে এর একটা ‘মহড়া’ অবশ্য আজই হয়ে যাচ্ছে। লা লিগায় মায়োর্কার সঙ্গে খেলা। প্রশ্ন উঠতে পারে, মায়োর্কা আর পিএসজি কি এক? মহড়ার জন্য এর চেয়ে ভালো বিকল্পও তো বার্সার হাতে নেই। সমস্যাটাকে সুযোগ হিসেবে দেখছেন দানি আলভেস। লিগে ২৯ ম্যাচে ৪৩ গোল করা মেসিকে ছাড়াই বার্সা কী করতে পারে, সেটাই দেখিয়ে দেওয়ার সুযোগ। আলভেসের হিসাব পরিষ্কার, এই ম্যাচে প্রতিপক্ষকে দাপটের সঙ্গে হারাতে পারলে সেটা বাড়তি মানসিক শক্তি দেবে বার্সাকে। পিএসজিও বুঝবে, ডান হাত অবশ হলেও বার্সার বাঁ কবজির জোরটাও আসলে কত। ‘সত্যি বলতে কী, ও যে দলে সেটা আমাদের জন্য একটা বাড়তি অনুপ্রেরণাও যে ওকে ছাড়াই আমরা কতটা ভালো করতে পারি সেটা প্রমাণ করা যাবে ’—বলেছেন দুর্দান্ত ফর্মে থাকা আলভেস।আলভেসের ফর্মের কথা যখন বলা হয়, সেটি আসলে তাঁর রক্ষণে নয়, ডান পাশের উইং থেকে তিরের ফলার মতো ছুড়ে দেওয়া ক্রস কিংবা থ্রু বলগুলোর জন্য। যদিও জাত ব্রাজিলিয়ান ফুলব্যাক বলছেন, সময়ের প্রয়োজনে তিনি তাঁর আক্রমণের নেশাটাকে দমিয়ে রাখতে পারবেন। বার্সার ভয়াবহ সমস্যা হয়ে দেখা দেওয়া সেন্টার ব্যাকের শূন্যতাও পূরণ করতে তিনি প্রস্তুত। কার্লোস পুয়োল আর আদ্রিয়ানোর পর হাভিয়ের মাচেরানোও ছিটকে গেছেন চোটে পড়ে। সেন্টার ব্যাকের সংকটও সামাল দিতে প্রস্তুত আলভেস, ‘ভুল যদি না করে থাকি তবে গার্দিওলার সময়টাতেও নিচে খেলেছি, যখন সে তিন ডিফেন্ডার নিয়ে খেলত। নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা আমার আছে। আমাকে আক্রমণ করতে বলা হলে আক্রমণ করব, রক্ষণ করতে বলা হলে রক্ষণ করব; দুটোই করতে বলা হলে তা-ও করতে রাজি আছি।’ লিগটা আর আগ্রহের কেন্দ্রে না থাকায় আজ লেভান্তেকে নিয়ে দুশ্চিন্তা নেই রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারইয়ের সঙ্গে ফিরতি লেগে দাঁড়ানোর আগে এ ম্যাচটি তাদের শাণিয়ে নেওয়ারই উপলক্ষ। এএফপি।