সমস্যার নাম নেশনস কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফিফা ভাইরাস’ নামের একটা ‘অসুখ’ আছে ক্লাব ফুটবলে। ফিফার নির্ধারিত ‘অগুরুত্বপূর্ণ’ প্রীতি ম্যাচের কারণে ক্লাবগুলো ঝামেলায় পড়ে বলে এমন নামকরণ। সেদিক দিয়ে ভাবলে ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য এই অসুখটার নাম হতে পারে ‘আফ্রিকা ভাইরাস’। ২১ জানুয়ারি শুরু হতে যাওয়া আফ্রিকান নেশনস কাপ যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণে নিতে পারে নির্ধারকের ভূমিকা!আফ্রিকান ফুটবল শ্রেষ্ঠত্বের এই আসরের জন্য জাতীয় দলে ফিরে গেছেন ইংলিশ ফুটবলে খেলা অনেক ফুটবলার। এরই প্রভাব পড়েছে দলগুলোয়। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ম্যানচেস্টার সিটি। আইভরি কোস্টের তোরে ভাইদের (ইয়া ও কোলো) ছেড়ে দেওয়ার পর টানা দুটো ম্যাচ হেরেছে সিটি। এফএ কাপের তৃতীয় রাউন্ডে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে। লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগেও হেরেছে লিভারপুলের বিপক্ষে। অথচ লিগ কাপের ম্যাচটি হারার এক সপ্তাহ আগে লিভারপুলকে লিগে ৩-০ গোলে হারিয়েছিল সিটি। ইয়া তোরে ছিলেন ওই জয়ের অন্যতম নায়ক।নেশনস কাপের জন্য তোরে ভাইদের ছেড়ে দিতে হওয়ায় নিজের বিরক্তি লুকানোর কোনো চেষ্টাই করেননি সিটি কোচ রবার্তো মানচিনি, ‘স্কোয়াডে আরেকজন ইয়াকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। কিন্তু আরেকজন ইয়াকে পাওয়া যায়নি। ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। জানুয়ারিও অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। জানুয়ারির পরেও শীর্ষে থাকতে পারলে শিরোপা জেতারও ভালো সম্ভাবনা আমাদের থাকবে।’বাকিরা তোরেদের শূন্যস্থান পূরণ করবে—এই আশা করা ছাড়া মানচিনির আপাতত আর কিছুই করার নেই। চেলসি কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস যেমন আশা করছেন, দ্রুতই ফর্মে ফিরুন ফার্নান্দো তোরেস। এই মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা দিদিয়ের দ্রগবাকে ছেড়ে দিতে হয়েছে। দলে নেই সলোমন কালুও। নিউক্যাসল হারাবে এই মৌসুমে ১৫ গোল করা ডেম্বা বাকে, যাঁর গোলে ম্যানইউকেও হারিয়েছে তারা। থাকছেন না দুর্দান্ত ফর্মে থাকা মিডফিল্ডার চিক টিওটে। আর্সেনালও পাচ্ছে না আইভরি কোস্টের গেরভিনহো আর মরক্কোর মারুয়ানে চামাখকে। শুধু ২১ জানুয়ারি-১২ ফেব্রুয়ারি টুর্নামেন্ট চলা পর্যন্ত নয়, আফ্রিকান নেশনস কাপের ধকল সামলাতে ক্লাবগুলোকে ভুগতে হবে আরও কিছু দিন। ১৪ ফেব্রুয়ারি আবার শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব। আর্সেন ওয়েঙ্গার তাই চিন্তিত, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতোই এই টুর্নামেন্ট। খেলোয়াড়েরা ভয়াবহ চাপের মধ্যে থাকে।’ শুধু মানসিক চাপই নয়, ওয়েঙ্গার তাঁর অভিজ্ঞতা থেকে বলছেন, খেলোয়াড় সমস্যায় পড়বে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও। আফ্রিকায় এ সময় থাকবে গরম। আর ফেব্রুয়ারিতে তুষারপাত শুরু হয়ে যাবে ইউরোপে!একদিক দিয়ে বেঁচে গেছে টটেনহাম আর ম্যানইউ। বাছাই পর্বে টোগো বাদ পড়ায় স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োরকে পুরো সময়েই পাচ্ছে স্পাররা। হ্যারি রেডন্যাপের মতো বাকি কোচরাও হয়তো আগামীতে প্রার্থনা শুরু করে দেবে, অমুক-অমুক দলগুলো যেন বাদ পড়ে বাছাই পর্বেই! এএফপি।