সমস্যার নাম ‘স্পঞ্জি উইকেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেই বোধ হয় বলে এক ঢিলে দুই পাখি শিকার। পরশু ডাম্বুলায় ভারতকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে নিউজিল্যান্ড শুধু ২০০ রানের জয়ই পায়নি, উঠে এসেছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরেও। টেস্টের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের একে চোখ ছিল মহেন্দ্র সিং ধোনির দলের। কিন্তু উল্টো যাত্রা করে আপাতত দুই থেকে তিনে নেমে যেতে হয়েছে ভারতকে। কিউইদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান অবশ্য সামান্যই। নিউজিল্যান্ডের ১১৭, ভারতের ১১৬। ১৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।ভারতের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ আগামীকালই পেয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। ডাম্বুলাতেই স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে তারা। ত্রিদেশীয় এই সিরিজটাকে নিউজিল্যান্ড আগামী বিশ্বকাপের ‘লিটমাস টেস্ট’ হিসেবে নিয়েছে। সেই পরীক্ষার প্রথম ধাপে লেটার নম্বর নিয়ে পাস করার পর শ্রীলঙ্কা-পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে কখনোই বিশ্বকাপ না-জেতা দেশটি।ভারত ম্যাচে একটা ব্যক্তিগত পরীক্ষাও ছিল। স্কট স্টাইরিসও তাতে ‘এ+’ পেয়েছেন। পরশু ৯৫ বলে তাঁর ৮৯ রানের ইনিংস, ২৮ রানে নিউজিল্যান্ডের ৩ উইকেট পড়ে যাওয়ার পর রস টেলরের সঙ্গে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ১৯০ রানের জুটি ২০১১ বিশ্বকাপে খেলার স্বপ্ন ভালোমতোই বাঁচিয়ে দিল। অথচ এই স্টাইরিসই গত কয়েক মাসে দল থেকে বাদ পড়েছেন দুবার। ৩৫ বছরে পা দেওয়ার পর দু-দুবার প্রত্যাবর্তন করার জোর আছে যাঁর, তাঁকে আটকায় সাধ্য কার!পরশু তাঁর ২৫ নম্বর ফিফটিটা মাত্র ১১ রানের জন্য পঞ্চম সেঞ্চুরির রূপ পায়নি। কিন্তু তাতে মোটেও ইনিংসের মাহাত্ম্য কমছে না। শুরুতেই নিউজিল্যান্ডের ওই ভগ্নদশা থেকে ইনিংস মেরামত, টেলরের সঙ্গে লম্বা জুটি...এসব তো আছেই, স্টাইরিসের ইনিংসটার মাহাত্ম্য বাড়িয়ে দিচ্ছে ডাম্বুলার উইকেট। যে উইকেটের বাউন্সকে স্টাইরিস নিজে বলছেন ‘স্পঞ্জের মতো’। কিউই অলরাউন্ডারের কথা ধার করে ধোনিও বলছেন, ‘এই উইকেটের বাউন্স একদমই অন্যরকম। স্পঞ্জের মতো। বোলাররা ১২৫-১২৬ কিলোমিটার গতিতে বল করছে, অথচ উইকেটকিপারকে দাঁড়াতে হচ্ছে সাধারণত শোয়েব আখতারের বলে যেখানে দাঁড়াতে হয়। এ ধরনের উইকেটে একমাত্র উপায় হলো কাট কিংবা পুল করা।’স্কোরকার্ড দেখলে মনে হবে, না-জানি কী ভয়ানক বোলিংটাই করেছেন কিউই বোলাররা। আসল সত্যটা হলো, সহজ সূত্র অনুসরণ করেছেন মিলস-টাফিরা। শর্টপিচ ডেলিভারি। স্টাইরিসই জানালেন, ‘আমরা জানি, এই উপমহাদেশের ব্যাটসম্যানরা কোমরের ওপর বল মোটেও পছন্দ করে না।’তবে কেবল উইকেটের ওপর দায় চাপিয়ে ৮৮ রানে অলআউট হওয়ার লজ্জা থেকে মুক্তি মেলে না। গত ১০ বছরে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। সব মিলে তাদের ওয়ানডে ইতিহাসেরই পঞ্চম সর্বনিম্ন। অধিনায়ক ধোনির রাজত্বেও কলঙ্ক হয়ে থাকবে এই ম্যাচ। ধোনি নিজেও সতীর্থদের দায় দিলেন। আফসোস করলেন টেলর-স্টাইরিসকে ফিরিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগাতে না পারার জন্যও। তবে এও মনে করিয়ে দিলেন, ‘এই দুজনকে আউট করে দিলেও ওরা ২০০-এর মতো রান করত। সেটাও তাড়া করা ছিল কঠিন।’ ওয়েবসাইট।