সমস্যার সমাধান খেলবে ঊষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসান হয়েছে ঊষা ক্রীড়াচক্রের সঙ্গে চুক্তিবদ্ধ পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা-জটিলতার। লিগ না খেলার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে ঊষা। কাল ঊষার ম্যানেজার রফিকুল ইসলাম কামাল বিষয়টা নিশ্চিত করেছেন, ‘আজ (গতকাল) বিকেলে এসবি (পুলিশের বিশেষ শাখা) অফিস থেকে ফোনে আমাদের জানিয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের বাংলাদেশে আসার ছাড়পত্র দেওয়া হয়েছে। ওদের বাংলাদেশে খেলতে কোনো বাধা নেই।’ আজ ঊষা দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রেলওয়ে এসসির সঙ্গে। এ ম্যাচটি অবশ্য বিদেশিদের ছাড়াই খেলতে হবে ঊষাকে। বুধবারের মধ্যেই ঢাকায় চলে আসবেন মোহাম্মদ ইরফান জুনিয়র, আলীম বেলাল, কাসিফ শাহ, আলী সান ও মোহাম্মদ আশফাক। ২১ মে মেরিনার্সের সঙ্গে ম্যাচে দেখা যেতে পারে এই পাকিস্তানি খেলোয়াড়দের।
মোহামেডানের বিশাল জয়: ক্লাব কাপের সেমিফাইনালে হারের পর কাল প্রথম লিগের ম্যাচ খেলতে নেমেছিল মোহামেডান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজাদ স্পোর্টিংকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে সাদা-কালোরা। পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলটির সামনে উড়ে গেছে আজাদ। সর্বোচ্চ ৪টি গোল করেন তাসওয়ার আব্বাস, ওমর ভুট্টা করেন ৩ গোল। একটি করে গোল করেন শহিদুল্লাহ টিটু, ইমরান হাসান, কামরুজ্জামান, সালমান সাদিক ও মোহাম্মদ শাকিল। দিনের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ৭-৪ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে। ওয়ান্ডারার্সের সারোয়ার মোর্শেদ ও বিশাল ২টি করে গোল করেছেন। ১টি করে গোল আল নাহিয়ান শুভ, হোসনে মোবারক ও সজীবের। সোনালী ব্যাংকের রকি হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি।