সমাধানটা জানেন ডু প্লেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হার। ওই হার যতটা না ছিল মাঠের খেলায়, তার চেয়ে বেশি বৃষ্টি আইনের কাছে। এরপর ১৯৯৯ বিশ্বকাপের সেই বিখ্যাত সেমিফাইনালে অদ্ভুতুড়ে রানআউটে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ টাই। তাতেই ভেঙে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ফাইনাল-স্বপ্ন। ২০০০ সালে দ্বিতীয় নকআউট বিশ্বকাপে সেমিতে আবার ভারতের কাছে হার। ওখানেই শেষ নয়, ২০০৩ সালে নিজের দেশের বিশ্বকাপে ডাকওয়ার্থ-লুইসের হিসাব গুলিয়ে ফেলে বিদায় গ্রুপ পর্বেই। ‘চোকার’ অপবাদটা তো আর দক্ষিণ আফ্রিকার গায়ে এমনি এমনি লাগেনি! এএফপি।
একটা সময় ছিল এই কথাটা শুনলেই খেপে যেত প্রোটিয়ারা। কিন্তু এখন এটা তাদের গা-সওয়া হয়ে গেছে। এমনকি এখন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়েরাও স্বীকার করেন, বড় টুর্নামেন্টে বড় ম্যাচগুলোতেই তাঁরা চাপ নিতে পারেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ ডু প্লেসিও যেমন মেনে নিলেন, চোকার অপবাদটা দুষ্টগ্রহের মতো চেপে বসেছে তাঁদের পিঠে।
কিন্তু এ থেকে কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? ডু প্লেসি সমাধান একটা জানেন, ‘পিঠ থেকে এই বোঝাটা নামিয়ে ফেলের একমাত্র উপায় হচ্ছে চাপের মুখে পারফর্ম করা। ট্রফিটা জিততে পারলেই এটা থেকে মুক্তি পাওয়া যাবে।’
তো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ট্রফি জেতার সম্ভাবনা কতটুকু দক্ষিণ আফ্রিকার? ডু প্লেসি বেশ আশাবাদী, ‘যদি আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, লক্ষ্যপূরণ খুবই সম্ভব। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের দিনে যে কেউ যে কাউকে হারাতে পারে।’ ১৮ মার্চ মুম্বাইতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ-মিশন।