গত সপ্তাহে হকির নির্বাচিত কমিটির প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন কমিটি আজ দায়িত্ব বুঝে নেবে। সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর জন্য আপাতত বড় চ্যালেঞ্জ হকিতে বিরাজমান সংকট দূর করা। এ জন্য দায়িত্ব বুঝে নিয়েই জরুরি সভায় বসবে ফেডারেশনের নতুন কমিটি, আগামীকালই সেই সভা।সব দলকে নিয়ে কীভাবে দলবদল করা যায়—এই সভায় সেটা নিয়েই মূল আলোচনা হবে বলে জানা গেছে। এশিয়া কাপের জন্য জাতীয় দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের বেতন-কাঠামোর আওতায় নেওয়ার প্রস্তাবও আসতে পারে।দলবদলের জন্য নিয়মমাফিক প্রিমিয়ার লিগের ১১টি ক্লাবকেই চিঠি দেবে বলে জানা গেছে ফেডারেশন সূত্রে। কিন্তু নিজেদের অবস্থানে অনড় রয়েছে নির্বাচন বর্জন করা ছয়টি ক্লাব—মোহামেডান, অ্যাজাক্স, মেরিনার্স, বাংলাদেশ স্পোর্টিং, ওয়ারী ও ওয়ান্ডারার্স। কাল ছয় ক্লাবের প্রতিনিধিরা যৌথভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে যেকোনো ধরনের হকি কার্যক্রম থেকে বিরত থাকবেন তাঁরা। দলবদলে অংশ না নিলে কি এসব ক্লাব প্রিমিয়ার থেকে অবনমিত হয়ে যাবে? ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ এখনই ওরকম কঠোর অবস্থানে যেতে চান না, ‘এখনই আমরা এমন কঠোর সিদ্ধান্ত নেব না। আর এটা তো কোনো সমাধানও নয়। তবে তারা যে রাস্তা দেখাচ্ছে, সেটা কল্যাণকর কিছু নয়। অন্যরাও ভবিষ্যতে এমন করলে হকির অবস্থা কী হবে? হকির বৃহত্তর স্বার্থেই আমাদের এগিয়ে আসতে হবে।’দলবদলের দাবিতে এককাট্টা হওয়া খেলোয়াড়েরা পুরো বিষয়টা ছেড়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ওপর। গত সপ্তাহে মন্ত্রী একটা স্থায়ী সমাধান খোঁজার আশ্বাস দিয়েছিলেন। নির্বাচন বর্জন করা ছয়টি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে তিনি আলোচনায় বসবেন বলেও জানিয়েছিলেন। যদিও সেই উদ্যোগ এখনো দেখা যায়নি। যাঁদের জন্য দলবদল, সেই খেলোয়াড়দের একাংশ এখন দলবদলের জন্য আন্দোলনে নামতে চাইছে না। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের এক খেলোয়াড় কাল বললেন, ‘আমাদের এখন নেতিবাচক-ইতিবাচক দুদিকেই চিন্তা করতে হবে। দলবদলের চেয়ে দেশ সবার আগে। আমরা এখন ক্যাম্প বর্জনের কথা ভাবছি না। এসব করলে ক্ষতিগ্রস্ত হব আমরাই। তবে এটা সত্যি, দ্রুতই সমস্যার সমাধান চাই আমরা।’