সমান ব্যবধানে জিতল রিয়াল-বার্সা
স্প্যানিশ লিগের শিরোপাটা নিশ্চিতই হয়ে গেছে বার্সেলোনার। এখন কাতালানদের দৃষ্টি চ্যাম্পিয়নস লিগের দিকে। সে জন্যই বোধ হয় কাল লা লিগার ম্যাচে মেসি-ইনিয়েস্তা-পুয়োলদের বিশ্রামে রেখেছিলেন কোচ টিটো ভিলানোভা। তার পরও জারাগোজার বিপক্ষে জয় পেতে কোনো সমস্যা হয়নি বার্সেলোনার। তরুণ স্ট্রাইকার ক্রিশ্চিয়ান টেলোর জোড়া গোলের সুবাদে জারাগোজাকে ৩-০ গোলে হারিয়েছে স্পেনের বার্সেলোনা। অন্যদিকে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে একই ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন রিয়ালের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো।জারাগোজার অধিকাংশ সময়ই বলের দখল ছিল বার্সেলোনার কাছে। প্রথমার্ধের ২০ মিনিটে দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টেলো। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৫৩ মিনিটে জারাগোজার জালে আরেকবার বল জড়িয়ে দিয়ে টেলো নিশ্চিত করেন দলের সহজ জয়। এই জয় দিয়ে ৩১ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে আছে বার্সেলোনা।অপরদিকে জয় পেতে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি রিয়াল মাদ্রিদকেও। ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত পারফরমেন্সে অ্যাথলেটিকো বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছেন হোসে মরিনহোর শিষ্যরা। প্রথমার্ধের দুই মিনিটে ফ্রি-কিক থেকে চমত্কার এক গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে জাবি আলোনসোর ক্রস থেকে হেড করে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। সাত মিনিট পরে বিলবাওয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রিয়ালের আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। ৩১ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১৩। রয়টার্স