হ্যামিল্টন টেস্টে বেশ ভালোই উত্তাপ ছড়াচ্ছে সাম্প্রতিক সময়ে দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে থাকা পাকিস্তান ও নিউজিল্যান্ড। ব্যর্থতার খোলস থেকে বেরিয়ে আসতে সমানে সমানে লড়ে যাচ্ছে এই দুই দল। ক্রমাগত হাতবদল হচ্ছে ম্যাচের নিয়ন্ত্রণ। আজ দ্বিতীয় দিনে খুব দ্রুতই ২৭৫ রানে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছিল পাকিস্তান। বল হাতে আবার পাকিস্তানের ওপর চড়াও হলো কিউইরা। মাত্র ১০৭ রানেই শীর্ষ চার ব্যাটসম্যানকে আউট করে চাপের মুখে ফেলে দিয়েছিল পাকিস্তানকে। এখন আবার ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বিপর্যয় সামলে ভালো অবস্থান গড়ার আপ্রাণ চেষ্টা করছেন অধিনায়ক মিসবাহ-উল-হক ও আসাদ শফিক। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ চার উইকেটে ২৩৫ রান।গতকাল সাত উইকেটে ২৬০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। আজ তার সঙ্গে মাত্র ১৫ রান যোগ করতেই বাকি তিনটি উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। গতকাল অষ্টম উইকেটে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটির সঙ্গে আজ মাত্র এক রান যোগ করেই উমর গুলের শিকারে পরিণত হন টিম সোউদি (৫৬)। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেই ফিরে গেছেন তানভির আহমেদের বলে। শেষ ব্যাটসম্যান ব্রেন্ট আর্নেলের উইকেটটাও তিনি তুলে নিয়েছেন এক ওভার পরেই। কিউইদের ইনিংস শেষ হয়েছে ২৭৫ রানে।জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল পাকিস্তান। ইনিংসের চতুর্থ বলে মোহাম্মদ হাফিজ ফিরে গেছেন রানের খাতা না খুলেই। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে সেই বিপর্যয় সামাল দিয়েছিলেন আজহার আলী ও তৌফিক উমর। এরপর খুব অল্প সময়ের মধ্যেই আজহার আলী (২৪), তৌফিক উমর (৫৪) ও ইউনুস খানকে (২৩) ফিরিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছিলেন কিউই বোলাররা। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে আবার ১২৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন অধিনায়ক মিসবাহ-উল-হক ও আসাদ শফিক। মিসবাহ ৫০ ও আসাদ ৭৪ রানে অপরাজিত আছেন। রয়টার্স/ক্রিকইনফো।