সমানে সমান 'এল ক্যাশিকো'

ফ্রান্সে পেট্রোডলারের ঝনঝনানি বেজেছিল গত মৌসুমেই। দেদার টাকা ঢেলে ইউরোপ-সেরা খেলোয়াড়দের নিয়ে আসে পিএসজি। এই মৌসুমে মোনাকোও তাদের পথে হেঁটে নিয়ে এল ফ্যালকাওয়ের মতো স্ট্রাইকারকে। পিএসজি-মোনাকোর ‘এল ক্যাশিকোর’ দিকে ফুটবল-বিশ্বের তাই আলাদা চোখ ছিলই।
লিগে দুই পর্বের দ্বৈরথে দুই দলের টক্কর সমানে সমান। প্রথম সাক্ষাতের মতো পরশুর ম্যাচটাও ড্র হলো ১-১ গোলে। শীর্ষে থাকা পিএসজির সঙ্গে দ্বিতীয় মোনাকোর পয়েন্ট ব্যবধানও পাঁচই রইল। ম্যাচের ৮ মিনিটে হাভিয়ের পাস্তোরের গোলে এগিয়ে যায় পিএসজি। সমতাসূচক গোলটি পেতে মোনাকোকে অপেক্ষা করতে হয়েছে ৭৪ মিনিট পর্যন্ত। তবে এই গোলটা ছিল ‘উপহার’, পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা ক্লিয়ার করতে গিয়ে নিজেই বল জড়িয়ে দেন জালে।
মোনাকো কোচ ক্লদিও রানিয়েরি পরে রসিকতা করে বলেছেন, ‘আশা করছি ওরা (পিএসজি) ফ্রান্সের জন্য চ্যাম্পিয়নস লিগ নিয়ে আসবে। আর আমাদের কয়েকটা পয়েন্ট ছেড়ে দেবে।’
ইতালিতে শীর্ষ দুই দল জুভেন্টাস ও রোমার পা হড়কেছে একই দিনে। হেল্লাস ভেরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। ভেরোনার মাঠে জুভরা প্রায় জিতেই গিয়েছিল। যোগ করা সময়ে হুয়ান গোমেজের গোলে ১ পয়েন্ট পেয়েছে ভেরোনা। এর আগে কার্লোস তেভেজের জোড়া গোলে জয়ই দেখছিল জুভেন্টাস। লুকা টনি ব্যবধান কমানোর পর অতিরিক্ত সময়ে গোমেজের ওই গোল।
জুভেন্টাস পয়েন্ট হারানোয় ব্যবধানটা সাতে নিয়ে আসতে পারত রোমা। কিন্তু নগরপ্রতিদ্বন্দ্বী লাৎসিওর সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোমা। ২৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে জুভেন্টাস সবার ওপরে, একটি ম্যাচ কম খেলে রোমার পয়েন্ট ৫১। এএফপি।