সমালোচকদের কথায় কান দিচ্ছেন না মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধীরগতির ব্যাটিংয়ের কারণে আগে থেকেই সমালোচনাটা ছিলই মিসবাহ-উল হককে নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে হারের পর সেই সমালোচনা এখন রীতিমতো ক্ষোভে পরিণত। মিসবাহ’র অবসরে যাওয়া উচিত—এমন কথা বার্তাও এখন খুব জোরের সঙ্গেই হচ্ছে পাকিস্তানে। তবে মিসবাহ নিজে জানিয়েছেন, সমালোচকদের কথায় অবসরে যাওয়ার কোনো পরিকল্পনাই তাঁর এই মুহূর্তে নেই। আপাতত, নিজের ব্যাটিংয়ের সামর্থ্য বাড়ানোর দিকেই মনোনিবেশ করছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় পাকিস্তানের পারফরম্যান্স তথইবচ। টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর ওয়ানডে সিরিজে কিছুটা ঘুরে দাঁড়ালেও সিরিজটা প্রোটিয়াদের হাতেই তুলে দিতে হয়েছে তাদের। পরাজয়ের হতাশার মাঝে সবচেয়ে বড় বড় আক্রমণগুলো এখন ছুটে যাচ্ছে মিসবাহর দিকে। তবে এসব সমালোচনাকে আপাতত আমলে নিতে চান না মিসবাহ। তিনি বলেন, ‘আমি সব খেলোয়াড়দের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করেছি। সবাই সম্মত হয়েছে যে, উইকেট পতনের চিন্তা দূরে রেখে আমাদের আরও ইতিবাচক ব্যাটিং করা উচিত্ ছিল। সবাই আমাকে আরও বেশি ইতিবাচকভাবে শট খেলার পরামর্শ দিয়েছে। আমি আমার ব্যাটিংয়ের ধরণে পরিবর্তন আনার ব্যাপারে ভেবেছি। কারণ আমার বিশ্বাস আমি এখনো ওয়ানডে ক্রিকেট খেলে যেতে পারব। ওয়ানডে থেকে আমি এখনই অবসর নিতে চাই না।’২০১০ সালে পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব পান মিসবাহ-উল-হক। ২০১১ সালের বিশ্বকাপের পর ওয়ানডে দলের দায়িত্বও তুলে দেওয়া হয় তাঁর হাতে। আপাতত, টি-টোয়েন্টিতে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হাফিজ।