সমালোচনা করায় দর্শকের সঙ্গে ঝগড়া সাবেক ভারতীয় স্পিনারের
কে জানত ব্যাপারটা এত দূর গড়াবে? অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চলমান সিরিজে সনির প্যানেল ধারাভাষ্যকার হিসেবে আছেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার মুরালি কার্তিক। কিন্তু মুরালির ধারাভাষ্য শুনে চটেছেন এক দর্শক। আর এতেই লেগে গেছে ভার্চ্যুয়াল ঝগড়া।
আলাজ্ঞাপান বিজয়কুমার নামের এক দর্শক অভিযোগ করেছেন, বর্তমানে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ধারাভাষ্য শুরুর আগে অনেক বিষয় না জেনেই বলেছেন মুরালি। এসব ক্ষেত্রে তেমন প্রস্তুতি নিয়েও ধারাভাষ্যের কক্ষে যাননি ভারতের সাবেক স্পিনার।
যদিও ঘটনা তেমন কিছুই না; অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে অ্যালেক্স ক্যারিকে না দেখে নিজের বিস্ময়টা চেপে রাখতে পারেননি মুরালি। টুইট করে নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন। কিন্তু বিজয়কুমার সেটাকে মোটেও অবাক করার ঘটনা বলতে চাননি। তিনি মুরালির টুইটের জবাবে বলেছেন, এর আগে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজেও বাদ পড়েন ক্যারি। এই টুইটের আবার জবাব দেন মুরালি। তিনি বলেন, ‘যেহেতু সে ওয়ানডে দলের অংশ ছিল, তাই মানুকা ওভালে প্রথম টি-টোয়েন্টিতে ম্যাথু ওয়েডের বদলে তাকে দলে নিতে পারত অস্ট্রেলিয়া।’
মুরালি টুইটে এই দর্শকের উদ্দেশে বলেন, ‘দেখে মনে হচ্ছে আপনি পুরোপুরি কথাগুলো শোনেননি। আমি জানি, তাকে সিরিজের জন্য বেছে নেওয়া হয়নি। এখানে প্রশ্ন হচ্ছে, সে তো ওয়ানডেতে যথেষ্ট ভালোই খেলে এবং ওয়েড বসেই ছিল তখন। একজনকে বসিয়ে আরেকজনকে খেলানো খুব সহজ কাজ...। তাই শান্ত থেকে কথাগুলো শুনুন।’
কিন্তু এ কথার পিঠে কথা বলেই চলেছেন বিজয়কুমার। এতেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। বিজয়কুমার আবারও টুইট করে বলেন, ‘যদি কোনো খেলোয়াড় ওই খেলার জন্য যোগ্য না হয়, তাহলেই সেটা বিস্ময়কর হবে। ক্যারি নিজেই তো একাদশে জায়গা পাওয়ার আশা করেননি। তাহলে কেন আপনি তার এই ঘটনাকে অবাক করার মতো ব্যাপার বলছেন? আপনি আরও বলেছেন যে আপনি জানতেন তাকে এই সিরিজে নেওয়া হবে না (আসলে তাকে সিরিজে নেওয়া হয়েছে)। দর্শকেরা এমন গবেষণামূলক ধারাভাষ্য আশা করে না।’
কার্তিকও কোনোভাবে নিজের অবস্থান থেকে সরে আসতে চাননি। তিনি আবারও টুইট করে বলেন, ‘এটা আসলে একজন অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞের কাছে প্রশ্ন...সবাই খুব স্বাচ্ছন্দ্যে গবেষণা করে। করোনার সময়ে এমনিতেই দল বড় করেছে সবাই। সে যা-ই হোক, আমি এরপর আর কোনো কিছুরই জবাব দেব না।’