সমালোচনার ঝড় ভারতীয় মিডিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র চার মাসের ব্যবধান। সবকিছু এরই মধ্যে যেন আমূল পাল্টে গেল। দিগ্বিজয়ী দলটি হঠাত্ পরিণত হলো হতাশায় ঘেরা, পরাজয়ে বিধ্বস্ত সমালোচিত এক দলে। হ্যাঁ, ভারতীয় দলের কথাই বলা হচ্ছে। ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন, টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুটো টেস্টে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে। একটি টেস্টে ১৯৬ ও অপরটিতে ৩১৯ রানের শোচনীয় হার। ক্রিকেট-পাগল ভারতীয় মিডিয়াতে রীতিমতো ছিঁড়ে-খুঁড়ে খাওয়া হচ্ছে মহেন্দ্র সিং ধোনির দলকে।ভারতের শীর্ষ ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া সোজা-সাপটাই লিখে দিয়েছে, এই দলটির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকার কোনো যোগ্যতাই নেই। এবং ধোনির দলের শীর্ষ আরোহণ সম্ভব হয়েছে ‘পরিসংখ্যানগত ফাঁক-ফোকর’ দিয়ে।টাইমস অব ইন্ডিয়া তাদের মন্তব্যের স্বপক্ষে যুক্তিও তুলে ধরেছে। পত্রিকাটি লিখেছে। ‘যদিও ভারত তাদের সর্বশেষ ১১টি টেস্ট সিরিজে অপরাজিত রয়েছে। আটটি সিরিজে জিতেছে, তিনটি সিরিজ ড্র রেখেছে। কিন্তু হিসাব করে দেখুন আটটি সিরিজ জয়ের পাঁচটি এসেছে র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা দলগুলোর বিপক্ষে।’ ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুটো টেস্টে ভারতীয় দলকে দেখে মনে হয়েছে, এ দলটির র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হওয়ার কোনো যোগ্যতাই নেই।’ লিখেছে টাইমস অব ইন্ডিয়া।তারা আরও লিখেছে, ইংল্যান্ডে ভারতীয় দলের খেলায় মূর্ত হয়ে উঠেছে, এ গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে খেলতে নামার আগে দলটির প্রস্তুতি কতটা অপর্যাপ্ত ছিল।দলের ইনজুরি সমস্যা নিয়ে টাইমস অব ইন্ডিয়ার মন্তব্য ‘এ দলটিতে কতগুলো ইনজুরি আক্রান্ত খেলোয়াড়কে সঙ্গী করা হয়েছে। যারা এখন দলের বোঝা।’হরভজন সিংয়ের তীব্র সমালোচনা করে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘এ খেলোয়াড়টি অতীত পারফরম্যান্সকে পুঁজি করে আর কত দিন দলে ঝুলে থাকবেন!’ভারতের আরেক শীর্ষ পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, ‘প্রথম দুটো টেস্টই ভারতীয় দলের দুর্বলতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।’‘ইংল্যান্ডে ভারতীয় দলকে দেখে মনে হচ্ছে, এ দলটির খেলোয়াড়েরা মাঠে লড়াইয়ের ইচ্ছাটাও হারিয়ে ফেলেছে।’ ইন্ডিয়ান এক্সপ্রেসের মন্তব্য।