সমালোচনার মুখে প্রোটিয়া কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসেল ডোমিঙ্গো
রাসেল ডোমিঙ্গো

পরাজিতদের প্রতি কারও কোনো সমবেদনা নেই। যেমন সমবেদনা নেই দক্ষিণ আফ্রিকা দলের প্রতি। কোচ রাসেল ডোমিঙ্গো যতই বলুন, তাঁর দলকে কেবল সেমিফাইনালের ওপর ভিত্তি করেই মূল্যায়ন করা হচ্ছে, তাতে কারও কোনো যায়-আসে না। প্রোটিয়া দল আরও একটি সেমিফাইনাল হেরেছে—এ মুহূর্তে প্রসঙ্গ একটাই। দেশে ফিরে তাই দক্ষিণ আফ্রিকা দলের কোচকে মুখোমুখি হতে হচ্ছে তীব্র সমালোচনার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে সেমিতে পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে হারতে হারতে জিতে যাওয়া ম্যাচ দুটি। অনেকেই বলছিলেন এমন ম্যাচ জেতার পর এবার দক্ষিণ আফ্রিকানরা নিজেদের ‘চোকার’ অপবাদ না ঘুচিয়ে পারেই না। কিন্তু বিধি বাম। সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে এক প্রকার আত্মসমর্পণই করেছে স্প্রিংবকরা। শেষ ম্যাচটিতে দলের বাজে পারফরম্যান্সের মধ্যে কোচ ডোমিঙ্গোর কিছু ট্যাকটিকস নিয়েও উঠেছে প্রশ্ন। তাই নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।
দুটি সমালোচনা এ মুহূর্তে খুব চাউর। ডেল স্টেইন কেন সেমিফাইনালে প্রথম ১৪ ওভারের মধ্যে মাত্র একটি ওভার বল করার সুযোগ পেলেন। অপরটি এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং পজিশন নিয়ে। সেমিফাইনালে ডি ভিলিয়ার্সকে কেন ৫ নম্বরে ব্যাট করতে পাঠানো হলো—এ নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কোচকে।

কোচ অবশ্য নিজের কাছে খুব পরিষ্কার। ডি ভিলিয়ার্সের ব্যাট করার স্থান নিয়ে তাঁর সমালোচনার জবাবটা যুক্তি দিয়েই দিয়েছেন তিনি, ‘দেখুন, এবি ডি ভিলিয়ার্স দলে ঠিক ওই ভূমিকাটা রাখতে পারেনি, যেটা বিরাট কোহলি ভারতের হয়ে রেখেছে। আমার কাছে ডি ভিলিয়ার্স পরিস্থিতির প্রভাবে খেলে। পরিস্থিতির ওপর প্রভাব তৈরি করতে পারেনি। তার জন্য একটি মঞ্চ তৈরি করে দেওয়ার প্রয়োজন ছিল। তাই তাকে ৫ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছে।’

ডেল স্টেইন সম্পর্কে তিনি বলেন, ‘স্টেইন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অথচ টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে দিয়ে আমরা মাত্র চার ওভার বল করাতে পারব। সেই বিবেচনায় তার বোলিং ইনিংসের মাঝের দিকের ওভারগুলোর জন্য রেখে দেওয়া হয়েছিল। আমাদের প্রত্যাশা ছিল, সে শেষের দিকে আঘাত হানবে।’

আগেই বলা হয়েছে ডোমিঙ্গোর অভিযোগ, তাঁর দলকে কেবল সেমিফাইনালের ওপর ভিত্তি করে মূল্যায়ন করার, ‘কেউ বলছে না গ্রুপ পর্যায়ে যে আমরা কয়েকটি দুর্দান্ত ম্যাচ জিতেছি। সবাই সেমিফাইনালের ব্যর্থতা নিয়ে কথা বলছে। আমার মতে, পুরো প্রতিযোগিতার পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই একটি দলের মূল্যায়ন হওয়া উচিত।’ রয়টার্স।