সমালোচনায় পিছু হটবেন না ওকাদা
দল নিয়ে কড়া সমালোচনার পরও পিছু হটবেন না বলে ঘোষণা দিয়েছেন জাপানের কোচ তাকেসি ওকাদা। বিশ্বকাপ দলে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়ে রেখেছেন তিনি। ‘ই’ গ্রুপে আগামী ১৪ জুন ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে জাপান। গ্রুপ পর্যায়ের তাদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও ডেনমার্ক। চলতি সপ্তাহের শুরুতে বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরেছে জাপান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জাপানের সাবেক কোচ ফিলিপ ট্রুসিয়ের ওকাদার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন। নির্বুদ্ধিতার কারণে জাপানকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে মাশুল দিতে হবে বলে সতর্ক করে দেন ২০০২ সালের বিশ্বকাপে জাপানকে তত্ত্বাবধান করা এই কোচ। ওকাদা দলকে দিয়ে ব্রাজিল বা স্পেনের মতো করে খেলাতে চাইলে বিশ্বকাপে চোখের জলই কেবল ভাগ্যে জুটবে বলে মন্তব্য করেন তিনি। প্রতিক্রিয়ায় দলে বড় ধরনের কোনো পরিবর্তন প্রয়োজন নেই জানিয়ে ওকাদা বলছেন, ‘দল যেভাবে আছে, সেভাবেই চলবে।’জাপানের কোচ বলেন, ‘দলে সমস্যা থাকবেই। কোনো ফুটবলার ফর্মে থাকবে না, কেউ ইনজুরিতে থাকবে— এসব ফুটবলের অবিচ্ছেদ্য অংশ। আমি মনে করি, দল যেভাবে খেলছে, তাতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠা সম্ভব।’