সমীকরণটা সহজ স্মিথের কাছে
প্রকৃতি নাকি সমতা পছন্দ করে। অস্ট্রেলিয়ার চেয়ে এই মুহূর্তে সেটি আর কে বেশি ভালো বলতে পারবে?
নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে হার যখন চোখ রাঙাচ্ছিল স্মিথের দলকে, বাঁচাল বৃষ্টি। আর পরশু বাংলাদেশের বিপক্ষে? উল্টো। জয়ের সুবাস মিলিয়ে গেল বৃষ্টির জলে। আর চার ওভার খেলা হলেই অস্ট্রেলিয়া জিতে যেত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে, কিন্তু বৃষ্টি সেটা আর হতে দিল কই?
যা গেছে তা গেছে। অস্ট্রেলিয়ার এখন চিন্তা সেমিফাইনালে যাওয়া নিয়ে। দুই ম্যাচে পয়েন্ট মাত্র দুটি, ম্যাচ বাকি আছে আর একটি। অধিনায়ক স্টিভ স্মিথ অবশ্য অতশত ভাবতেই রাজি নন। তাঁর কাছে সমীকরণটা এখনো পানির মতোই সহজ—গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে জিতলেই তো হলো!
‘সমীকরণটা অনেক সহজ। ইংল্যান্ডকে হারাতে হবে, তাহলেই আমরা সেমিফাইনালে চলে যাব। (পয়েন্ট তালিকায়) কী হয়েছে না হয়েছে, তা নিয়ে অত অবশ্য ভাবিনি। আমার ধারণা, শুধু ইংল্যান্ডকে হারালেই হবে’—পরশু ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলে গেলেন স্মিথ।
তা ঠিক। ইংল্যান্ডকে হারালে আর অন্য কোনো দিকে তাকাতে হবে না স্মিথদের। কিন্তু এবারের চ্যাম্পিয়নস ট্রফির তর্ক সাপেক্ষে সবচেয়ে শক্তিশালী দলটিকে হারানো তো আর ‘নামলাম, খেললাম, জিতলাম’ নয়। তার ওপর দুই ম্যাচেই বোলিং করেও ব্যাটিংটা ঠিকমতো পায়নি অস্ট্রেলিয়া। স্মিথ অবশ্য ব্যাটিং ‘প্রস্তুতি’র এই ঘাটতি নিয়েও ভাবলেশহীন। ব্যাখ্যাও আছে তাঁর, ‘আমি নিশ্চিত কোনো সমস্যা হবে না। এই দলের প্রায় সবাই-ই তো ক্রিকেটের মধ্যেই ছিল। আইপিএল, অন্যান্য টুর্নামেন্ট...।’ তবে বাংলাদেশ ম্যাচে অস্ট্রেলিয়া অধিনায়ককে তৃপ্তি দিচ্ছে স্টার্ক-জামপাদের বোলিং, ‘যে-ই আজ (পরশু) বল হাতে নিয়েছে, দুর্দান্ত করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে যা হলো, সেটি থেকে ঘুরে দাঁড়াতে পেরেছি, এটাই ভালো দিক।’
এত আশাবাদের মধ্যে বাংলাদেশ ম্যাচ নিয়ে স্মিথের যা একটু আক্ষেপ ওই বৃষ্টি নিয়েই। জেতার এতই তাড়না যে বৃষ্টির মধ্যেও খেলা চালিয়ে যেতে রাজি ছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘আমি উঠে আসতে চাইনি। বৃষ্টির মধ্যেও ব্যাটিং করতে রাজি ছিলাম। তবে ওই সিদ্ধান্ত নেওয়ার জন্য আম্পায়ার আছেন।’ এএফপি।