সমীহ করছে হল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ‘দ্য ফ্লাইং ডাচমেন’। এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক খেলছে হল্যান্ডই। সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে একমাত্র তারাই সবগুলো ম্যাচই জিতে এসেছে। ১৯৭৮ বিশ্বকাপের পর আবারও ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে। শুধু ফাইনাল কেন, অধরা শিরোপার স্বপ্ন দেখতেই বা তাদের বাধা দিচ্ছে কে?আগের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর হল্যান্ড। কিন্তু তার পরও আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে ডাচ কোচ বার্ট ফন মারউইক মনে হচ্ছে দারুণ সতর্ক। ঘানার বিপক্ষে পেনাল্টি শ্যুট-আউটে জিতে শেষ চারে উঠে আসা প্রতিপক্ষকে সমীহই করছেন তিনি, ‘ওরা লড়াই করেই এখানে এসেছে। আমাদের মতো ওরাও শেষ চারের যোগ্য দল। ওদের সামান্য অবজ্ঞা করার অবকাশ নেই।’শক্তির তারতম্যে, দুই দলের খেলোয়াড় তুলনায় কিংবা এই বিশ্বকাপের পারফরম্যান্সে হল্যান্ডই নিশ্চিতভাবে ফেবারিট। তার ওপর উরুগুয়ে তাদের গোল-ভরসা লুইস সুয়ারেজকেই পাচ্ছে না এ ম্যাচে। নাও খেলতে পারেন দলের অধিনায়ক ডিয়েগো লুগানো। সাসপেন্ড হয়ে আছেন এক ডিফেন্ডারও।কিন্তু এই সব হিসাব মিলিয়ে নিজেদের নিরঙ্কুশ ফেবারিট মানতে রাজি নন ফন মারউইক, ‘ওদের সমস্যা নিয়ে আমি মোটেও আহ্লাদিত নই। কারণ আমাকে নিজের সমস্যা নিয়েই ভাবতে হচ্ছে। আমরাও তো বেশ কিছু খেলোয়াড়কে পাব না।’টুর্নামেন্টের অন্যতম ফেবারিট, বিশ্বকাপের ইতিহাসের সেরা দল ব্রাজিলকে হারিয়েছে বলেই তাঁর দলকে নিয়ে এত বেশি মাতামাতি হচ্ছে, সেটি বুঝতে পারছেন কোচ। এও তো সত্যি, এখন পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিল-হল্যান্ড ম্যাচে যে জিতেছে, তারাই ফাইনালে গেছে। মারউইক তাহলে ফাইনাল নিয়েই হিসাব কষতে শুরু করে দিতে পারেন।কিন্তু পরিসংখ্যান যে মাঝে মাঝে বোকা গর্দভের মতো আচরণ করে, সেটাও ভালো জানা আছে তাঁর। তা ছাড়া হল্যান্ড তো একমাত্র দল, পরপর দুবার ফাইনালে উঠেও একবারও শিরোপা জেতা হয়নি যাদের। ফন মারউইক তাই বাড়তি আত্মবিশ্বাসে ভুগে শেষে পস্তাতে চান না, ‘পুরো দেশে যে উন্মাদনা শুরু হয়ে গেছে, সেটি আমাদের ভালোই লাগছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই পথ ধরে আমরা আগেও হেঁটেছি, যার শেষটা হয়েছে হতাশা দিয়ে।’ব্রাজিল পরীক্ষা স্নায়ুর ওপর চাপ ফেলেছে অনেক, সেটিও ভাবাচ্ছে ফন মারউইককে, ‘এই ম্যাচটা আমাদের গুরুত্বের সঙ্গে নিতেই হবে। কারণ ব্রাজিলের বিপক্ষে জেতার পর মানসিকভাবে নিজেদের আবারও প্রস্তুত করে তোলা সত্যিই কঠিন। দুই বছর ধরে আমি খেলোয়াড়দের এটাই বোঝানোর চেষ্টা করে এসেছি, চ্যাম্পিয়ন হতে গেলে তোমাদের প্রতিটা ম্যাচেই ভালো খেলতে হবে।’ এএফপি।