সমীহ করাতেই এই জয়!
ড্যারেন স্যামি তাহলে কথাটা মন থেকেই বলেছিলেন! বাংলাদেশে এসে প্রথম সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের কণ্ঠে সে কী সমীহ! কথাগুলো তখন আলাদা করে দাগ কাটেনি। ‘মোটেও হালকা করে দেখছি না’—বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সব অধিনায়কই মুখস্থ বুলির মতো আওড়ান এটি। স্যামির কথাকেও ক্রিকেটীয় শিষ্টাচারের ব্যতিক্রম ভাবার কোনো কারণ ছিল না। স্যামি নিজেও মনে হয় বুঝতে পেরেছিলেন, তাঁর কথা অনেকেই বিশ্বাস করেননি। না হলে কাল নিজে থেকেই মনে করিয়ে দেবেন কেন! প্রশ্নটা ছিল জয়ের তৃপ্তি নিয়ে। কিন্তু স্যামি শুরুই করলেন বাংলাদেশকে দিয়ে, ‘আমার মনে আছে, সিরিজ সূচনার সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম বাংলাদেশকে আমরা দারণ সমীহ করছি। বলেছিলাম আমরা ওদের খাটো করে দেখব না এবং দেখিওনি। যদি পাত্তা না দিতাম, তাহলে প্রথম ইনিংসে ওরা এত বড় রান টপকে লিড নেওয়ার পরই আমরা হকচকিয়ে যেতাম। আমরা অবাক হইনি, কারণ বাংলাদেশের অমন পারফরম্যান্স আমাদের অপ্রত্যাশিত ছিল না। কঠিন লড়াই করেই জিততে হয়েছে আমাদের।’স্যামির কথা বাংলাদেশ দল বা সমর্থকদের জন্য কতটা সান্ত্বনা হতে পারবে, কে জানে। প্রাপ্তির তৃপ্তি বড়, না অপ্রাপ্তির আক্ষেপ—বাংলাদেশের ম্যাচ শেষে এমন দোলাচল তো নতুন কিছু নয়। তবে স্যামির কথাটাই এবারের জন্য বাস্তবতা। বাগে পেয়েও ক্যারিবিয়ানদের না হারাতে পারার আফসোস পোড়াবেই। কিন্তু ম্যাচ পঞ্চম দিনে গড়াবে, ১১ মাস পর টেস্ট খেলতে নামা দল শেষ দিনের প্রায় শেষ সেশন পর্যন্ত জয়ের সম্ভাবনা জিইয়ে রাখতে পারবে—ম্যাচ শুরুর আগে এটাই বা কজন ভাবতে পেরেছিল!৭৭ রানের জয় শেষ পর্যন্ত সহজ জয়ই। কিন্তু স্যামি জানেন, স্কোরকার্ড যেমন বলছে, ততটা সহজ ছিল না জয়, ‘আমাদের পরিকল্পনা ছিল একবারই ব্যাট করা এবং ৫০০ রান করা। কিন্তু বাংলাদেশ যেভাবে খেলেছে এবং আমাদের নাড়িয়ে দিয়েছে, ওদের কৃতিত্ব দিতেই হবে। প্রথম ইনিংসে ওরা দারুণ ব্যাট করেছে, এক থেকে এগারো, সবাই। ওদের পরিকল্পনা প্রথম ইনিংসে ওরা দারুণভাবে বাস্তবায়ন করতে পেরেছে।’প্রথম ইনিংসে বাংলাদেশ যেমন ছাড়িয়ে গেছে প্রত্যাশাকে, দ্বিতীয় ইনিংসে তেমনি পুড়তে হয়েছে আশাভঙ্গের যন্ত্রণায়। তামিম ইকবাল ও বাংলাদেশের টপ-অর্ডার সহজাত খেলাটা খেলেনি। স্যামির মতে, বাংলাদেশ ভুলটা করেছে ওখানেই, ‘তামিম আর ওর সঙ্গে যে-ই ওপেন করুক, এমনিতে সব সময়ই ওরা নতুন বলে আক্রমণাত্মক খেলে। শুরুতে প্রায় সব সময়ই দ্রুত রান তোলে। কিন্তু আজ যখন দেখলাম ওরা বাড়তি সতর্ক, দেখেশুনে খেলছে ও বল ছাড়ছে, আমি আসলে খুশিই হয়েছিলাম। কারণ জানতাম, শুরুতে দ্রুত রান উঠলে আমাদের এই পুঁজি নিয়ে ওদের আটকানো কঠিন হতো। ওদের রক্ষণাত্মক খেলায় বরং আমাদের পরিকল্পনা কাজে লাগানো সহজ হয়েছে।’বাংলাদেশকে সমীহ করেছেন বলেই পেছন থেকে উঠে আসা জয়ে দারুণ তৃপ্ত স্যামি। আর এই ম্যাচের অভিজ্ঞতা ক্যারিবিয়ান অধিনায়ককে করছে আরও সতর্ক, ‘প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও এভাবে ফিরে এসে জয় পাওয়াটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তবে সিরিজ এখনো উন্মুক্ত। আমি নিশ্চিত, এই ম্যাচের ইতিবাচক দিকগুলোকে আশ্রয় করে বাংলাদেশ আগামী ম্যাচে আরও ভালো করতে চাইবে।’স্যামির এ কথাটাও যদি সত্যিই ‘সত্যি’ হতো!