সমুদ্রতীরে জিতলেন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্ট কোথাও দৌড়ালেই ‘নতুন রেকর্ড হলো কি না’ এমন একটা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে সবাই। ব্রাজিলের কোপাকাবানা বিচে পরশু রেকর্ড করতে পারেননি বোল্ট, তবে জ্যামাইকান সিপ্রন্টারকে কেউ হারাতেও পারেননি। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পরিষ্কার ব্যবধানেই ১৫০ মিটারে প্রথম হয়েছেন। টাইমিং ১৪.৪২ সেকেন্ড। এই ইভেন্টে ১৪.৩৫ সেকেন্ডের বিশ্ব রেকর্ডটি তাঁরই। ১৪.৮৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন অ্যান্টিগার ড্যানিয়েল বেইলি। ব্রাজিলেরই ব্রুনো লিনস হয়েছেন তৃতীয় (১৪.৯১)।নিজের সেরা টাইমিংয়ের কাছাকাছি না যেতে পারলেও পারফরম্যান্সে খুশি বোল্ট, ‘এটা মৌসুমের প্রথম স্প্রিন্ট ছিল আমার। অবশ্যই এটা ভালো সূচনা।’ দৌড়টাও উপভোগ করেছেন বোল্ট। তাঁর দৌড় দেখতে এদিন কোপাকাবানা বিচে জড়ো হয়েছিল তিন হাজারেরও বেশি দর্শক। দৌড় শেষ করে উল্লাসমুখর দর্শকের উদ্দেশে ছুড়ে মারেন জুতা। একটু পরে অবশ্য টের পান রোদে গরম হয়ে যাওয়া ট্র্যাকের উত্তাপ। পরে স্থানীয় ড্যান্সারদের সঙ্গে ট্র্যাকে নেচেছেন আরেক জোড়া জুতা পরে।এই রিও ডি জেনিরোতেই বসবে ২০১৬ অলিম্পিক। বোল্ট জানিয়েছেন ১০০, ২০০ এবং ৪–১০০ মিটার রিলেতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্যই দৌড়াবেন। তবে রিওতে লং জাম্পে অংশ নেবেন বলে অনেক দিন ধরেই যে ফিসফাস চলছিল, তা নাকচ করে দেন বোল্ট। জানালেন লং জাম্পে অংশ নিয়ে তিনি কোনো চোটের ঝুঁকি নিতে চান না, ‘আমার বয়স বেড়েছে এবং এটা (লং জাম্প) আমার হাঁটুর ক্ষতি করতে পারে।’চার দিনের রিও সফরে সেখানকার বিভিন্ন সামাজিক প্রকল্পও ঘুরে দেখেছেন। অংশ নিয়েছেন বাণিজ্যিক প্রচারণাতেও। ওয়েবসাইট।