সম্পর্কের অবনতি শ্রীলঙ্কা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের
শ্রীলঙ্কান ক্রিকেটারদের আইপিএলে খেলা না-খেলার প্রশ্ন নিয়ে শ্রীলঙ্কার সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্কের আরও অবনতি হয়েছে। শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী সম্প্রতি তাঁর দেশের ক্রিকেটারদের আইপিএল বাদ দিয়ে খুব দ্রুত দেশে ফিরে ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী ১৪ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর। শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রীর এই ‘আইপিএলের চেয়ে দেশ আগে’ ধরনের মন্তব্যের ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্কের চরম অবনতি হবে বলে আশঙ্কা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।আইপিএলের এবারের আসরে অংশ নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারাসহ মোট ১০ জন ক্রিকেটার। এ জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একটা চুক্তিও আছে। কিন্তু এখন এ ধরনের কোনো চুক্তিকে গ্রাহ্য করছে না লঙ্কান সরকার। ক্রিকেটারদের বাধ্যতামূলকভাবে দেশের খেলাকে আগে প্রাধান্য দিতে হবে—এমন একটা আদেশ খুব দ্রুতই জারি করা হবে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘জাতীয় নির্বাচক কমিটির সুপারিশ অনুযায়ী আমি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি, যেন তারা ইংল্যান্ড সফরের প্রস্তুতি নেওয়ার জন্য ক্রিকেটারদের ৫ মের আগেই দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা যদি অন্য কোনো টুর্নামেন্টে অংশ নেয়, তাহলেও তাদের দেশের খেলাকেই প্রাধান্য দিতে হবে এবং ভবিষ্যতেও এটা খুব কঠোরভাবে মেনে চলতে হবে।’