নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ মানেই ক্ষতি। বিসিবির জন্য কখনোই আর্থিকভাবে লাভজনক হয় না এই সিরিজ। প্রতিবারই পড়তে হয় ক্ষতির মুখে। এমনকি ২০১০ সালে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজেও নাকি টেলিভিশন স্বত্ব বিক্রি করে বিসিবির ক্ষতি হয়েছিল এক-দেড় লাখ ডলারের মতো।বিসিবি সূত্রের তথ্য, বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে এবার নাকি একটা পর্যায়ে নিউজিল্যান্ড সিরিজ না খেলারও চিন্তা ছিল বোর্ডে। শেষ পর্যন্ত সে চিন্তা থেকে সরে এলেও আরেকটি নিউজিল্যান্ড সিরিজ সামনে আসতে আবারও সেই ক্ষতির শঙ্কায় বিসিবি। টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য আহ্বান করা দরপত্র জমা দেওয়ার সময়সীমা কাল পার হয়ে গেলেও দরপত্র জমা পড়েনি একটিও। শঙ্কাটা বেশি হচ্ছে সে কারণেই।এ ব্যাপারে জানতে কাল বিসিবির বিপণন কমিটির প্রধান আহমেদ সাজ্জাদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি। তবে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘প্রয়োজনে আমরা দরপত্র জমা দেওয়ার সময় বাড়াতে পারি বা নতুন করে দরপত্র আহ্বান করতে পারি। কিংবা আলোচনার মাধ্যমেও কাউকে বেছে নেওয়ার সুযোগ আছে।’অক্টোবরের নিউজিল্যান্ড সিরিজের ক্ষেত্রে শেষ পথটাই বেছে নিতে পারে বিসিবি। আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচারের অভিজ্ঞতাসম্পন্ন স্থানীয় দু-একটি চ্যানেলের কোনোটিই হয়তো পাবে নিউজিল্যান্ড সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব। তবে অতীতে আর্থিক লেনদেনে ভালো ভাবমূর্তি না থাকা প্রতিষ্ঠানগুলোকে এড়িয়েই চলতে চায় বিসিবি।২০১১ সালে নিমবাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এখনো দীর্ঘ মেয়াদে টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পারেনি বিসিবি। সিরিজ ধরে ধরেই বিক্রি হচ্ছে সম্প্রচার স্বত্ব।