সম্ভাবনা সমান
আজ ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। এটি শ্রীলঙ্কার ক্রিকেটের জন্যই সুখবর। টানা দ্বিতীয়বারের মতো তারা ফাইনালে উঠেছে। এখান থেকেই বোঝা যায়, কত ধারাবাহিক খেলছে এই দলটি। বোঝা যায়, কত ভালো মানের নতুন ক্রিকেটার উঠে আসছে। এটা সত্যি, ২০০৭ বিশ্বকাপের দলটিই মূলত এবারও খেলছে। তবে একই সঙ্গে এটাও সত্যি, মাঝখানের এই সময়টায় তারা আরও পরিণত হয়েছে। নতুন যারা এসেছে, তারাও দলে আরও বৈচিত্র্যই এনেছে।এটাও মনে রাখতে হবে, গত দুটো বিশ্বকাপেই শ্রীলঙ্কা খেলেছে নিজেদের জন্য সহায়ক কন্ডিশনে। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনেও উইকেটগুলো ধীর, নিচু বাউন্সের। ফলে শ্রীলঙ্কা ভালো সাফল্য পেয়েছিল ২০০৭ বিশ্বকাপে। আর এবার তো তারা প্রায় সবগুলো ম্যাচই খেলেছে নিজেদের কন্ডিশনে। অবশ্য শুধু নিজেদের কন্ডিশন পাওয়াই তো শেষ কথা নয়, সেই কন্ডিশনের পুরো ফায়দাও নিতে জানতে হবে। শ্রীলঙ্কা সেটি পেরেছে। তাই দাপটের সঙ্গে ফাইনাল পর্যন্ত আসায় তাদের পুরো নম্বর দিতেই হবে।এই ম্যাচে শ্রীলঙ্কার পক্ষে থাকবে বেশ কিছু বিষয়। কুমার সাঙ্গাকারা তার জীবনের সেরা ফর্মে আছে। প্রতি ম্যাচেই ও রান করছে। তিলকরত্নে দিলশান দুর্দান্ত শুরু এনে দিচ্ছে। বোলাররাও ধারাবাহিক, কাঁধে কাঁধ মিলিয়ে একটা ইউনিট হিসেবে খেলে যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে ফিল্ডিং পুরো টুর্নামেন্টে দুর্দান্ত হয়েছে।শ্রীলঙ্কার জন্য একমাত্র দুশ্চিন্তা তাদের মিডল-অর্ডার। মিডল-অর্ডার খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ পায়নি। যখন পেয়েছে, তাদের অনভিজ্ঞতা প্রকট হয়ে দেখা দিয়েছে। এ কারণেই আমি পরামর্শ দিয়েছিলাম মাহেলা জয়াবর্ধনেকে আরেকটু নিচে নেমে যাওয়ার। সেটা করা হলে আমাদের ব্যাটিং-অর্ডারের ওই অংশটায় আরও দৃঢ়তা আসবে। এটাই সমস্যার আদর্শ সমাধান।লোয়ার-অর্ডার নিয়েও প্রশ্ন আছে। অ্যাঞ্জেলো ম্যাথুস তো শেষ পর্যন্ত ছিটকেই গেল। মুত্তিয়া মুরালিধরনের ফিটনেস নিয়েও সংশয় আছে। সেমিফাইনালেও ওকে অস্বস্তি নিয়ে বল করতে দেখেছি। মুরালিকে না পেলে সেটি হবে শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। তার দুর্দান্ত বোলিং তো আছেই, মুরালি নিজেও ম্যাচটি খেলার জন্য ব্যাকুল। এটা ওর বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে সার্থক সমাপ্তিই হতো। মুরালির সঙ্গে অনেক বছর খেলেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, ও যদি আজ ৫০ শতাংশও ফিট থাকে, অবশ্যই খেলবে। হ্যাঁ, এটাও মাথায় রাখা উচিত, মুরালিকে ফিল্ডিংও করতে হবে। সেই সময় কিছু ঘটে গেলে সেটা হয়ে যাবে ভীষণ ঝুঁকির। তবে আপনি তার মতো একজন ম্যাচ উইনারকে বাইরে রেখে পরিকল্পনা সাজাতে পারেন না।ভারতের দিক দিয়ে দেখলে, তারা কিন্তু ফাইনালে এসেছে অনেক কাঠখড় পুড়িয়ে। অনেক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। এটাই এখন তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে যাবে। পাকিস্তানের বিপক্ষে চাপের মধ্য থেকে ম্যাচ বের করে নিয়েছে। এমনকি সেদিন উইকেটের চরিত্রও তারা ভুল বুঝে তিন পেসার খেলিয়েছিল। তার পরও ভারত কিন্তু শেষ পর্যন্ত প্রতিভাধর পাকিস্তানকে কাবু করেই ম্যাচ জিতেছে। অনেকে অধিনায়ক ধোনিকে উদ্ধত বলেন। তবে ও কিন্তু ঠিকই দারুণভাবে সব চাপ সরিয়ে রেখেছে, সব ধরনের উন্মাদনা থেকে বাঁচিয়ে রেখেছে তার দলকে। দলের মধ্যে যে সুস্থিরতা সে এনেছে, এটা শেষ পর্যন্ত থাকতে হবে। এই ম্যাচের ফেবারিট কে, বলা মুশকিল। কারণ গত সপ্তাহে দুটো দলই ভালো খেলেছে। ঠিক সময়েই তারা নিজেদের সেরা খেলাটা ফিরে পেয়েছে। সেরা ক্রিকেট নিয়েই আজ ফাইনালে মুখোমুখি। অস্ট্রেলিয়া ম্যাচের পর থেকে ভারতের বোলিং-ফিল্ডিংয়ে তো আমি নাটকীয় উন্নতি দেখছি। তাদের বোলারদেরও এখন দারুণ আক্রমণাত্মক দেখাচ্ছে।শ্রীলঙ্কার বোলিংয়েও অনেক প্রতিভা আর বৈচিত্র্য। তাদের টপ-অর্ডারও এই টুর্নামেন্টের সেরা। আমি বলব, ম্যাচটা ফিফটি-ফিফটি। এ কারণে বলছি না, মানুষ হিসেবে আমি কূটনৈতিক। এ কারণেই বলছি, ম্যাচটায় লড়াই হবে আসলে সমশক্তির।