সম্ভাবনার তুলনায় পিছিয়ে মার্কিন ফুটবল
যুক্তরাষ্ট্রে ফুটবলটা একসময় ছিল অচেনা এক খেলা। বেসবল, রাগবি আর বাস্কেটবলের দাপটে মার্কিন মুলুকে বাড়ির সত্ ছেলের মতোই ছিল বাকি বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এ খেলাটি। গোল খুব কম হয় বলে, সাধারণ আমেরিকানদের কাছে ফুটবল ‘উত্তেজনাপূর্ণ’ কিছু মনে হতো না। কিন্তু সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটবলের প্রতি মার্কিনিদের মনোভাবও এখন অনেকটাই পরিবর্তিত। ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে খেলার মধ্য দিয়ে ফুটবলের নবজন্ম হয় সেখানে। এরপর থেকে প্রতিটি বিশ্বকাপের আসরেই সরব উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রের। দুবছর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত কনফেডারেশন কাপে স্পেনকে হারিয়ে দিয়ে আলোড়ন তোলা দলটি কি এগিয়ে যেতে পারছে লক্ষ্য অনুযায়ী? ফুটবল জনপ্রিয় হলেও অর্জনে কোথায় যেন একটা ছন্দপতন অনুভূত হচ্ছে অনেক দিন ধরেই।এবারের কনকাকাফ গোল্ড কাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। প্রতিযোগিতাটি সাধারণ মার্কিনিদের মধ্যে যথেষ্টই আলোড়ন তুলতে সক্ষম হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নিজ দেশ ফাইনালে প্রতিবেশী মেক্সিকোর কাছে হেরে যাওয়ায় হতাশ আমেরিকানরা। একটি প্রশ্ন বেশ ভালোভাবেই উঠে গেছে, সত্যিই কি যুক্তরাষ্ট্র ফুটবলে সঠিক পথে এগিয়ে যাচ্ছে?এবারের কনকাকাফ গোল্ডকাপ একটি জিনিস প্রমাণ করেছে যে ফুটবল খেলাটা যুক্তরাষ্ট্রে যথেষ্টই জনপ্রিয়। গোল্ড কাপ ফাইনালে কানায় কানায় পরিপূর্ণ রোজবোল প্যাসিডানার গ্যালারি। উদ্ভাসিত স্পন্সর আগ্রহ, টেলিভিশন দর্শনের উচ্চহার তেমনটাই নির্দেশ করছে। কিন্তু, যে ব্যাপারটি সবাইকে হতাশ করেছে, তা হলো, স্বাগতিক যুক্তরাষ্ট্রের গড়পড়তা পারফরম্যান্স। প্রতিযোগিতার শুরুতেই পানামার কাছে হেরে সবাইকে হতাশ করেছিল তারা। মাঝখানে গুয়েদেলপোর মতো অখ্যাত দেশের বিপক্ষে ১-০ গোলের জয়টা ছিল প্রত্যাশার অনেক বাইরে। যদিও কোয়ার্টার ফাইনালে জ্যামাইকা ও সেমিতে পানামাকে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ফাইনালে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও ৪-২ গোলে হেরে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে, উত্তর আমেরিকার ফুটবলে দক্ষিণের প্রতিবেশী মেক্সিকোর চেয়েও অনেকটাই পিছিয়ে রয়েছে তারা।ফুটবল খেলাটা যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন চর্চিত হলেও দেশটির ফুটবলে সবচেয়ে বড় সমস্যা মেক্সিকোর হাভিয়ের হার্নান্দেজ কিংবা জিওভান্নি দোস সান্তোসের মতো প্রতিভাবান তৈরি করতে না পারা। যুক্তরাষ্ট্রের ফুটবল আলেক্সি লালাস, কিংবা ল্যান্ডন ডানোভানদের মতো তারকা থাকলেও তাঁদের প্রভাব দীর্ঘকালীন নয়। অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেকটা পিছিয়ে থাকা মেক্সিকো কিংবা কোস্টারিকা অথবা চিলি, প্যারাগুয়ের মতো দেশগুলোতেও যে পরিমাণ প্রতিভা রয়েছে, যুক্তরাষ্ট্রে সেটা নেই। এ দলটিতে কোনো ‘আইকন’ তারকা নেই, যার কারণে বিশ্ব ফুটবলের সামনের সারিতে আসতে পারছে না তারা।ফুটবলের ভিত ধীরে ধীরে শক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে দেশটির ফুটবলে ভবিষ্যত্ নির্ভর করছে, নতুন নতুন তারকা তৈরির ওপর। সেদিক দিয়ে যে যথেষ্টই পিছিয়ে তারা। ব্যাপারটি একটা চ্যালেঞ্জ হয়েও দেখা দিয়েছে মার্কিন ফুটবলে। রয়টার্স।