সম্ভাবনার দুয়ারে বাংলাদেশের হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের হকি দাঁড়িয়ে আছে একটা ইতিহাস গড়ার বাঁকে।সিঙ্গাপুরে কয়েক দিন আগে বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ পা রেখেছে দ্বিতীয় রাউন্ডে। ৩১টি দল নিয়ে আয়োজিত প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বা উঠবে নয় গ্রুপের ১৩ দল। র‌্যাঙ্কিংয়ে ৯ থেকে ১৬ নম্বরে থাকা দলগুলো যোগ দেবে এই রাউন্ডে। এটি পেরোলেই তৃতীয় রাউন্ড। যেখানে খেলবে ১৬টি দল, যাদের মধ্যে থাকবে র‌্যাঙ্কিংয়ে প্রথম আট দল জার্মানি, অস্ট্রেলিয়া, হল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও বেলজিয়াম। গত সাড়ে চার মাসে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতা বাংলাদেশের পক্ষে তৃতীয় রাউন্ডের দরজা খোলা খুব কঠিন নয়। তবে সে জন্য চাই দীর্ঘমেয়াদি প্রস্তুতি।দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রুপের খেলা আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে। এই গ্রুপে সবচেয়ে বড় দল লন্ডন অলিম্পিকে সবার নিচে থাকা (১২তম) ও সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ১১ নম্বরে নেমে যাওয়া ভারত। বাকি দুটি দল এখনো চূড়ান্ত হয়নি। একটি আসবে কাতারে আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম রাউন্ড থেকে। এখানে খেলবে কাতার, ওমান, শ্রীলঙ্কা, আজারবাইজান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তান। অন্যটি দলটি আসবে ডিসেম্বরে ফিজিতে অনুষ্ঠেয় ফিজি, পাপুয়া নিউগিনি, সামোয়া ও ভানুয়াতুর গ্রুপ থেকে। বাংলাদেশ হকি ফেডারেশনের ধারণা, ওমান ও ফিজিরই বাংলাদেশের গ্রুপ সঙ্গী হওয়ার সম্ভাবনা বেশি। গ্রুপ থেকে দুটি দল যাবে তৃতীয় রাউন্ডে। ভারতকে সম্ভাব্য গ্রুপ চ্যাম্পিয়ন ধরলে ওমান (র‌্যাঙ্কিং ৩৬) ও বাংলাদেশের (৪০) মধ্যেই হবে দ্বিতীয় হওয়ার লড়াই। ফিজি অনেক পেছনে (৭১)। বাংলাদেশের হকি নিয়ে নৈরাশ্যবাদীর সংখ্যাই বেশি। গত কয়েক বছরে ঘরোয়া খেলার অনিয়মিত আয়োজন, খেলোয়াড় বিদ্রোহ সবকিছু মিলে হকি পরিণত হয়েছিল রঙ্গ-তামাশার বিষয়ে। তবে এসব একপাশে রেখে এবার বিশ্ব হকির তৃতীয় রাউন্ডে যাওয়ার বড় সুযোগ স্বপ্নাতুর করে তুলছে জিমি-চয়নদের। গত এপ্রিলেই বাংলাদেশ জিতেছে এশিয়ার নিচের সারির দলগুলো নিয়ে আয়োজিত এশিয়ান হকি ফেডারেশন কাপ। এরপর সিঙ্গাপুর জয়—এই দলের পক্ষে আরেকটু পথ যাওয়া কি খুব কঠিন? গত দুটি টুর্নামেন্টে বাংলাদেশ দলের সফল কোচ মাহবুব হারুনের বিশ্বাস, ‘মোটেও কঠিন নয়।’ জাতীয় দলের কোচ হিসেবে তাঁরই পুনর্নিয়োগ পাওয়ার সম্ভাবনা বেশি। তা পেলে দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি পর্বে কী করবেন তিনি? মনে মনে একটা ছকও তৈরি করে ফেলেছেন হারুন, ‘ফেব্রুয়ারিতে যেহেতু খেলা, নভেম্বরে ক্যাম্প শুরু করলেই চলবে। আড়াই-তিন মাস প্রস্তুতিই মনে হয় যথেষ্ট। তবে অনুশীলনটা হওয়া চাই অর্থবহ। অনুশীলনের ফাঁকে দু-একটা দেশে গিয়ে ম্যাচ খেলতে হবে।’ বাস্তবতার জমিনে দাঁড়িয়ে তাঁর সংযোজন, ‘দলে একজন ফিজিও অতিজরুরি। আমাদের ফিজিক্যাল ট্রেনারও নেই। এই কাজগুলো আমিই করেছি। তা ছাড়া ভিডিও অ্যানালিস্টও দরকার। খেলোয়াড়দের জন্য ভাতার ব্যবস্থা করারও সময় এসেছে।’ খেলোয়াড়দের ভাতা দিতে পারলে খুবই ভালো। তবে দলে ফিজিও-ট্রেনার অবশ্যই লাগবে। একটা আন্তর্জাতিক হকি দলে ফিজিও-ট্রেনার নেই, এই যুগে এটাকে অবিশ্বাস্যই বলতে হবে। সিঙ্গাপুরে চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ক মামুনুর রহমান (চয়ন) আক্ষেপ করে বলেছিলেন, ‘আমরা এত কম সুযোগ-সুবিধার মধ্যেও চ্যাম্পিয়ন হই দেখে অন্যরা অবাক। আমরা একজন ফিজিও পর্যন্ত পাই না। খরচ কমাতে ১৮ জনের বদলে ১৬ জন খেলোয়াড় নিয়ে যাই। এই দুঃখের কথা আর কী বলব।’সামনে এখন নতুন আশার ঝলকানি দেখে হকি খেলোয়াড়েরা সেই দুঃখ কিছুটা ভুলে যাচ্ছেন। তবে দলের অন্যতম সদস্য শহিদুল্লাহ টিটু একটু সাবধানীও, ‘দ্বিতীয় রাউন্ডটা আমাদের জন্য কঠিন হবে। তাই এখনই প্রস্তুতি শুরু করা দরকার। আমাদের ম্যাচ খেলার মধ্যে থাকতে হবে।’উল্লেখ্য, ১৯৯৬ সালে ইতালিতে ও ২০০১ সালে স্কটল্যান্ডে বিশ্বকাপ বাছাইপর্বে দুবার খেলার পর এই মঞ্চে আর নেই লাল-সবুজ। ইতালিতে বাংলাদেশ খেলেছিল ইতালি, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্সের সঙ্গে; স্কটল্যান্ডে আর্জেন্টিনা, স্কটল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে কাকতালীয়ভাবে একটা অনুশীলন ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল। হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারীর স্মৃতিচারণা, ‘ঈদের দিন আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে ওই ম্যাচ খেলি। ওই ম্যাচে আমরা হেরেছিলাম ৫-০ গোলে।’কত গোল খেয়েছে, সেটা আর কে মনে রাখে! অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলার সুযোগই তো মহার্ঘ। তাই ২০০১ স্কটল্যান্ড সফরে থাকা সাবেক অধিনায়ক মামুনুর রশিদ এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া হোক চান না, ‘তৃতীয় রাউন্ডে যাওয়ার পর যা হওয়ার হোক, সে পর্যন্ত গেলে জার্মানি-হল্যান্ডের মতো দলের সঙ্গে আমরা খেলতে পারব। এখন ফেডারেশনের উচিত দেরি না করে দলের অনুশীলন শুরু করা। ম্যাচও খেলতে হবে অনেক।’ফেডারেশনের কর্মকর্তারা কি শুনছেন?