সম্মান আমারও প্রাপ্য, রোমারিওকে হালক
ব্রাজিল কোচ মানো মেনেজেসের ঘোষিত অলিম্পিক দলকে ‘বাজে’ বলে আখ্যায়িত করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। সাবেক ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়ের চোখে মেনেজেসের সবচেয়ে বাজে নির্বাচন পোর্তো স্ট্রাইকার হালক।রোমারিওর বক্তব্যের পর মানো মেনেজেসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দ্রুতই পাল্টা জবাব দিয়েছেন হালক। ‘রোমারিও এমন একজন, যাঁকে আমি সব সময় শ্রদ্ধা করি। তিনি বিশ্বচ্যাম্পিয়ন, ব্রাজিলের জন্য অনেক কিছু করেছেন। এ জন্যই তাঁর মতো একজনকে শ্রদ্ধা করি আমি। কিন্তু আমি মনে করি, সম্মান আমারও প্রাপ্য’—ব্রাজিলীয় দৈনিক ফোলহা ডি সাও পাওলোকে বলেছেন হালক।অলিম্পিক মূলত অনূর্ধ্ব ২৩ বছর বয়সী ফুটবলারদের লড়াই। তবে কোনো দল চাইলে এর চেয়ে বেশি বয়সী সর্বোচ্চ তিনজন খেলোয়াড় রাখতে পারে। এই নিয়মের মধ্যে স্ট্রাইকার হালক এবং দুই ডিফেন্ডার থিয়াগো সিলভা ও মার্সেলোকে রেখেছেন মেনেজেস।২৫ বছর বয়সী হালক জানান, ব্রাজিলের অলিম্পিক দলে জায়গা পেয়ে তিনি আনন্দিত। রোমারিওর বক্তব্যে তাঁর এই আনন্দে বাধা হয়ে দাঁড়াবে না। হালক বলেন, খুব সুন্দর একটা মুহূর্তে অলিম্পিক দলে থাকার খবরটা পাই আমি। আমার পরিবার, স্ত্রী, সন্তান সবাই তখন আমার সঙ্গে ছিল। আমি ভীষণ আনন্দিত। এমন একটা মুহূর্তের জন্য ঈশ্বরকে ধন্যবাদ।চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় অলিম্পিকের ‘সি’ গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ মিসর, বেলারুশ ও নিউজিল্যান্ড। মূল লড়াইয়ের আগে স্বাগতিক ব্রিটেনের সঙ্গে ২০ জুলাই একটি ওয়ার্ম আপ ম্যাচে অংশ নেবে মেনেজেসের দল।ব্রাজিলের অলিম্পিক দলগোলরক্ষক: রাফায়েল ক্যাব্রাল ও নেতোডিফেন্ডার: মার্সেলো, রাফায়েল, ডানিলো, আলেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা, হুয়ান ও ব্রুনো উভিনি।মিডফিল্ডার: রোমেলো, গানসো, অস্কার, সান্দ্রো ও লুকাস।ফরোয়ার্ড: নেইমার, আলেক্সান্ডার পাতো, লিয়েন্দ্রো ড্যামিও ও হালক।