সম্মান পেতে চাই কঠোর পরিশ্রম: শচীন
কারও কাছ থেকে সম্মান পেতে হলে চাই কঠোর পরিশ্রম। চাই দলের প্রতি প্রতিশ্রুতি। তরুণ ক্রিকেটারদের উদ্দেশে এই পরামর্শ লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের।‘দলে জায়গা পাওয়া নিয়ে লড়াই থাকবেই। এ নিয়ে ভাবলে চলবে না। দলের প্রতিশ্রুতি, প্রচেষ্টা ও অবদান নিয়ে শুধু ভাবতে হবে। আমার ছেলেকেও এ কথা বলি। অন্যরা কী করছে, এ নিয়ে ভেবো না। তুমি যখন সঠিক কাজ করবে, দল তোমার উদাহরণ অনুসরণ করবে। সম্মান পেতে হলে চাই কঠোর পরিশ্রম ও দলের প্রতি প্রতিশ্রুতি।’ আজ নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন শচীন টেন্ডুলকার।লিটল মাস্টার বলেন, ‘যখন কঠোর পরিশ্রম করবে, ভাগ্য তোমার সহায় হবে। জীবনে চ্যালেঞ্জ থাকবেই। কিন্তু কঠোর পরিশ্রম করলে চ্যালেঞ্জগুলো অতিক্রম করা যায়। তাই আমি ভাগ্য নিয়ে ভাবি না, শুধু কঠোর পরিশ্রমের ওপর মনোযোগ দিই।’জীবনের চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে নিজের শৈশবস্মৃতিও টেনে আনেন শচীন, ‘স্কুলের দিনগুলোতে ক্রিকেট ও পড়াশোনার মধ্যে আমাকে ভারসাম্য রক্ষা করতে হয়েছে। আমার মা-বাবা ও স্কুল আমাকে সহায়তা করেছে। এটা ছিল আমার কাছে চ্যালেঞ্জের।’অস্ট্রেলিয়ার সাবেক তারকা ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার সঙ্গে মাঠের লড়াইয়ের কথা তুলে ধরে শচীন বলেন, ‘এক ম্যাচে ম্যাকগ্রার বিপক্ষে খেলছিলাম। ও আমার বিপক্ষে ছয়-সাত ওভার মেডেন নেয়। এমন অবস্থাতেও বল ছেড়ে সঠিক জায়গায় দাঁড়িয়ে খেলেছি।’ সূত্র: পিটিআই।