সম্মান বাঁচাল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধেক কাজ এগিয়ে রেখেছিলেন বোলাররাই। তবু হয়তো খুব ভরসা পাচ্ছিল না দক্ষিণ আফ্রিকান সমর্থকেরা। এই সিরিজের আগের দুই ম্যাচে হারের তরতাজা স্মৃতি তো আছেই, কালকের ম্যাচের আগে তাড়া করতে নেমে সাতবারই যে ম্যাচ হেরেছিল প্রোটিয়ারা। অবশেষে সেঞ্চুরিয়নে এসে সেই ‘তাড়া আতঙ্ক’ দূর হলো দক্ষিণ আফ্রিকার। সম্মান বাঁচানোর শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারাল এবি ডি ভিলিয়ার্সের দল।
মাত্র ১৭৯ রান তাড়া মরতে নেমে জয়টা যত সহজ হওয়ার কথা ছিল সেটা হতে দেননি পাকিস্তানি বোলাররাও। অর্ধশত রানের কোনো জুটি গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্সের সঙ্গে পঞ্চম উইকেটে মিলার ও ষষ্ঠ উইকেটে ম্যাকলারেন ৪০ রানের দুটি জুটি গড়েছেন, দক্ষিণ আফ্রিকার ইনিংসে এ দুটিই সর্বোচ্চ। ৬৩ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ জিতিয়েই ফিরেছেন অধিনায়ক ডি ভিলিয়ার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ ওপেনার আমলার। মূলত এই দুজনের কারণেই ২০ বছর পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজে ধবলধোলাই এড়াতে পারল দক্ষিণ আফ্রিকা।
এর আগে ব্যাট করতে নেমে ৭ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বিশাল ধাক্কা খায় টসে হারা পাকিস্তান। ফিল্যান্ডার-সতসোবে আর ম্যাকলারেনদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তানের এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক মিসবাহ। শেষ পর্যন্ত তাঁর ১০৭ বলে অপরাজিত ৭৯ রানের সুবাদেই দক্ষিণ আফ্রিকাকে ১৮০ রানের লক্ষ্য ছুড়ে দেয় পাকিস্তান।
বল হাতে মাত্র ২৬ রান দিয়ে পাকিস্তানের তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার ফিল্যান্ডার। তথ্যসূত্র: টেন ক্রিকেট

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৬.৫ ওভারে ১৭৯ (আমিন ২৫, শফিক ২৫, মিসবাহ ৭৯*, রেহমান ২২; ফিল্যান্ডার ৩/২৬, সতসোবে ২/৩৮, ম্যাকলারেন ২/২৮, তাহির ২/৫৬ ) দক্ষিণ আফ্রিকা: ৩৮.৪ ওভারে ১৮১/৬ (আমলা ৪১, ডি ভিলিয়ার্স ৪৮*, মিলার ২৪; আজমল ২/৩৪)
ফল: দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী। সিরিজ: পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ভারনন ফিল্যান্ডার। ম্যান অব দ্য সিরিজ: সাঈদ আজমল।