
ভালোবাসা কিংবা শ্রদ্ধা—শচীন টেন্ডুলকারের জন্য কোনোটিরই কমতি নেই ভারতে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ছেড়ে দিলেও ৪০ পেরোনো এই ক্রিকেটার টেস্ট খেলে যাচ্ছেন এখনো। কিন্তু রান না করেও যদি খেলে যান, সেটা অসম্মানজনক হয়ে যেতে পারে যেকোনো সময়। বিদায়টা তখন সুখকর হবে না। সাবেক ভারতীয় স্পিনার বিষেন সিং বেদি তাই মনে করেন, টেস্ট ক্যারিয়ারটা আরও দীর্ঘায়িত করতে হলে ফর্মে ফিরতে হবে টেন্ডুলকারকে। রান করেই আদায় করে নিতে হবে সমর্থকদের ভালোবাসা আর শ্রদ্ধা।
গত বছর ডিসেম্বরে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন টেন্ডুলকার। মাস দুয়েক আগে আইপিএলের শিরোপা জিতে সম্পর্ক চুকিয়েছেন টি-টোয়েন্টির সঙ্গেও। তবে টেস্ট ক্যারিয়ারে এখনই ইতি টানার কোনো ইচ্ছা নেই ভারতীয় ব্যাটিং জিনিয়াসের। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেই ক্যারিয়ারের ২০০তম টেস্টের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন তিনি। ১৯৮ টেস্ট খেলা টেন্ডুলকারের জন্য সেটা হবে আরও একটি অর্জন। তবে শুধু মাইলফলক ছোঁয়ার জন্য ক্যারিয়ার টেনে লম্বা করায় বিশ্বাসী নন বেদি। টেস্টের সর্বশেষ ২০ ইনিংসে মাত্র দুটি হাফ সেঞ্চুরি পাওয়া টেন্ডুলকার যদি সম্মানের সঙ্গে খেলে যেতে চান, তাহলে রান করেই সেটা করতে হবে বলে মনে করেন ভারতের সাবেক এই অধিনায়ক, ‘টেন্ডুলকারের রানে ফেরার এটাই সবচেয়ে ভালো সময়। সমর্থকদের শ্রদ্ধা ফিরে পেতে হলে ওকে রান করতে হবে।’
সব ধরনের ক্রিকেটেই অনেক অর্জনের মালিক টেন্ডুলকার। অন্যদিকে বাঁহাতি স্পিনার বেদি ক্যারিয়ারে এক টেস্টে ১০ উইকেট পেয়েছেন মাত্র একবার। তবে ১৯৭৭ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের সেই অর্জনকে টেন্ডুলকারের যেকোনো অর্জনের চেয়ে এগিয়ে রাখছেন তিনি, ‘এক টেস্টে ১০ উইকেট পাওয়া টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার মতোই দারুণ ব্যাপার। এমনকি টেন্ডুলকারের মতো ক্রিকেটারও কখনো সেটা করতে পারেনি। এ এক অসাধারণ অর্জন।’
সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে এখন টেন্ডুলকারের তুলনা করা হয় স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে। সর্বকালের সেরা অলরাউন্ডারের কথা বললে সবার আগে আসে স্যার গ্যারি সোবার্সের নাম। ব্র্যাডম্যানের বিপক্ষে খেলার সুযোগ ছিল না, যদিও সোবার্সের বিপক্ষে খেলেছেন বেদি। সেই অভিজ্ঞতা থেকেই ব্র্যাডম্যানের পাশাপাশি সোবার্সকেও সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন তিনি, ‘আমার সৌভাগ্য হয়েছে সোবার্সকে বল করার। তিনি ছিলেন সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটার। ব্র্যাডম্যান আর সোবার্সের মতো ক্রিকেটার আর কখনো আসবে না।’ ওয়েবসাইট।