সম্মাননা পেলেন চার ক্রীড়া সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া সাংবাদিকদের জন্য কালকের দিনটি ছিল তাঁদের নিজেদেরই দিন। দিনটি বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস, আর এ উপলক্ষে কাল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সংবর্ধনা দিল চার প্রবীণ ক্রীড়া সাংবাদিক-লেখক বিমান ভট্টাচার্য, মোস্তফা কামাল, মোহাম্মদ সেলিম ও মঞ্জুরুল হককে। ১৯৯৫ সাল থেকেই দিনটি উদ্যাপিত হয়ে আসছে। প্রতিবছর দেশের কীর্তিমান প্রবীণ ক্রীড়া লেখক ও সাংবাদিককে সংবর্ধনা দিয়ে আসছে ক্রীড়া লেখক সমিতি।অলিম্পিক ভবনে কাল কেক কেটে শুরু হয় অনুষ্ঠান। এরপর সম্মাননা পাওয়া ব্যক্তিদের গায়ে ক্রীড়া লেখক সমিতির ব্লেজার পরিয়ে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে ক্রেস্ট। সমিতির আজীবন সদস্য বিমান ভট্টাচার্য এই সম্মাননা পেয়ে অভিভূত, ‘এটা আমার কাছে জাতীয় ক্রীড়া পুরস্কারের চেয়েও বড় কিছু।’ ইংরেজি দৈনিক দি ইনডিপেন্ডেন্ট-এর ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল হক দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস ঘোষণার দাবি জানান।