সম্মাননা পেলেন সাত নারী ক্রীড়াবিদ
রাঙামাটি থেকে এসেছেন নিরুপা দেওয়ান। জীবনের শেষ প্রান্তে এসে একটা সম্মাননা পেলেন—তাঁর হাতে উঠল একটা পদক। এই স্বীকৃতিটুকু পেয়েই বাকরুদ্ধ হয়ে পড়লেন রাঙামাটি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাল নিরুপা দেওয়ানের মতো আরও ছয় নারী ক্রীড়াবিদ ও সংগঠককে সম্মাননা পদক দিল বেসরকারি সংস্থা নারী উদ্যোগ কেন্দ্র (নউক)। এবার নিয়ে তৃতীয়বার এই সম্মাননা দিল নউক।জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে দুই ভাগে দেওয়া হলো সম্মাননা। আজীবন সম্মাননা পদক তুলে দেওয়া হলো ১৯৭৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া কাজী জাহেদা আলী, সাবেক শ্যুটার আঞ্জুমান আরা আকসি ও ক্রীড়া সংগঠক নিরুপা দেওয়ানের হাতে। ক্রীড়াবিদ ও সংগঠকের সম্মাননা পেলেন রাবেয়া খাতুন, রাজিয়া সুলতানা, ফরহাদ জেসমিন ও মিউরেল গোমেজ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শরীফ এনামুল কবির প্রমুখ।