সম্মিলিত পরিষদের সম্ভাব্য ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটযুদ্ধে নামার আগে নাজমুল হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের সম্ভাব্য ১৪ প্রার্থীকে কাল পরিচয় করিয়ে দেওয়া হলো। রাজধানীর রূপসী বাংলা হোটেলে  প্রথম আলো
ভোটযুদ্ধে নামার আগে নাজমুল হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের সম্ভাব্য ১৪ প্রার্থীকে কাল পরিচয় করিয়ে দেওয়া হলো। রাজধানীর রূপসী বাংলা হোটেলে প্রথম আলো

বড় একটা ব্যানারে লেখা, ‘মতবিনিময় ও পরিচিতি সভা’। বাস্তবে সেটাই হলো। যদিও মতবিনিময় বলতে বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসানের গুণকীর্তনই হলো বেশি। সঙ্গে বিসিবির নির্বাচনে সম্মিলিত পরিষদের সম্ভাব্য প্রার্থীদের পরিচয়পর্বও থাকল।
সম্মিলিত পরিষদ এখন পর্যন্ত ক্যাটাগরি-২-এর আওতায় ক্লাব কাউন্সিলরদেরই মঞ্চ। সেই মঞ্চে কাল তোলা হলো ১৪ সম্ভাব্য প্রার্থীকে। যাঁর মধ্যে আছেন বিসিবির বর্তমান অস্থায়ী কমিটির সদস্য আফজালুর রহমান সিনহা, মাহবুবুল আনাম, আহমেদ সাজ্জাদুল আলম, এনায়েত হোসেন, জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, ইসমাইল হায়দার মল্লিক ও গোলাম মুর্তজা। অস্থায়ী কমিটির বাইরে থেকে আছেন ইয়াং পেগাসাসের আহমেদ ইকবাল হাসান, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তানজিল চৌধুরী, কলাবাগানের নাজমুল করিম (টিংকু), ভিক্টোরিয়ার নজিব আহমেদ, র‌্যাপিড ফাউন্ডেশনের হানিফ ভূঁইয়া ও শেখ জামালের শওকত আজিজ রাসেল। সম্মিলিত পরিষদে পরে জেলা ও বিভাগ থেকে আসা ক্যাটাগরি-১ এবং অন্যান্য সংস্থা থেকে আসা ক্যাটাগরি-৩-এর প্রার্থীরাও যোগ হবেন।
কাল ঘোষিত ১৪ জনের মধ্য থেকেই ক্যাটাগরি-২-এর ১২ প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান। কিন্তু বিস্ময়কর হলেও ১৪ জনের তালিকায় নেই স্বয়ং নাজমুল হাসান! গুঞ্জনকে সত্যি করে তিনি এখন সম্ভবত কোটাতেই সরাসরি বোর্ড পরিচালক হবেন। নাজমুল হাসানই দিলেন সে রকম আভাস, ‘একটা হিসেবে তো এই ১৪ জনের পরও আরও একজন লাগবে। এখন আপনারাই বুঝে নেন কী হতে পারে...।’ পরে নাজমুল হাসানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, নাজমুলের ইঙ্গিতটা এনএসসি থেকে যে তিন পরিচালক আসবেন, সেদিকেই। ওই ১৪ জনের মধ্য থেকে নির্বাচনে অংশ না নেওয়া দুজন এবং নাজমুলই হবেন এনএসসির তিন পরিচালক। সভায় দাবি করা হয়, বিসিবির নির্বাচনে নাজমুল হাসানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ঢাকার ৪২টি ক্লাব।
সম্ভাব্য প্রার্থীদের পরিচয়পর্বের আগে ভবিষ্যতে নাজমুল হাসানের নেতৃত্বে ক্রিকেট বোর্ডকে এগিয়ে নেওয়ার সংকল্প ব্যক্ত করেছেন প্রার্থীদের অনেকেই। ক্যাটাগরি-৩-এর সম্ভাব্য প্রার্থী গাজী আশরাফ হোসেন যেমন বললেন, ‘তাঁর (নাজমুল হাসান) নেতৃত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। যাঁর ওপর ঢাকার ৪২টি ক্লাব আস্থা রাখতে পারে, তাঁর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলাই উচিত নয়।’
একই সুর অন্যদেরও। বক্তব্য রেখেছেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন (পল্টু), আবাহনী ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান, এনায়েত হোসেন, আফজালুর রহমান সিনহা, মাহবুবুল আনাম ও আহমেদ সাজ্জাদুল আলম।