তিন জাতি সিরিজের ফাইনালের পোশাকি মহড়াই হবে রোববারের (আজ) ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। ফাইনালে খেলতে হলে সোমবার (আগামীকাল) ভারতের বিপক্ষে অনেক বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। তবে এর আগে শ্রীলঙ্কাকে জিততে হবে ভারতের বিপক্ষে। স্বাগতিক দলের যে অনভিজ্ঞ বোলিং আক্রমণ, সব মিলিয়ে কাজটা কঠিনই মনে হচ্ছে তাদের পক্ষে।শিশিরের কারণে বল গ্রিপ করতে সমস্যা হবে জেনেও ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছিল সাকিব আল হাসান। একজন স্পিনার হিসেবে তার বোঝা উচিত ছিল যে ভেজা বল দিয়ে স্পিন বল করা খুবই কঠিন এবং তার অবশ্যই সেদিন আগে ফিল্ডিং করা উচিত ছিল।শ্রীলঙ্কাকে ভারতের বিপক্ষে সাম্প্রতিক সিরিজের দুঃস্বপ্ন ভোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মনে হচ্ছে বেশ। ওই সিরিজে ওয়ানডে-টেস্ট দুটো সিরিজেই হেরেছিল তারা। তাদের হারাতে ভারতকে অনেক বেশি ভালো খেলতে হবে। মাহেলা জয়াবর্ধনের ফিরে আসা তাদের ব্যাটিংটাকে সমৃদ্ধ করেছে, দলে অভিজ্ঞতাও বাড়িয়েছে। যেকোনো অধিনায়কই এতে খুশি হবে। এই সিরিজের উইকেট এখন পর্যন্ত বোলারদের বধ্যভূমি। মুভমেন্ট বলুন, টার্ন বলুন—কিছুই নেই এখানে। বল কোমরের ওপরেও উঠছে অনেক কম। ভয়ভীতি ছাড়াই ব্যাটসম্যানরা সেসব বল অনায়াসে খেলে ফেলছে।খেলা আধঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্তটা মনে হচ্ছে এগোনোর জন্যই এগোনো। এর কোনো ক্রিকেটীয় ব্যাখ্যা নেই। ম্যাচ যদি এগিয়ে আনতেই হয়, অন্তত কয়েক ঘণ্টা এগোনো উচিত ছিল। তাতে বোলারদের জন্য ব্যাপারটা আর শিশিরভেজা একটা বল দিয়ে কোনো রকমে কয়েকটা ওভার পার করে দেওয়ার মতো থাকত না। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত পরে ফিল্ডিং করা দলই হেরেছে। ভেজা বলের কারণে যে বোলারদের হাত-পা বাঁধা থাকে তখন! আর টস জয়টাও অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে ব্যাট করে যদি কোনো দল ৩৫০-এর বেশি রান করতে পারে, তাতেই কেবল তাদের জয়ের সম্ভাবনা থাকে। তবে এতেও জয়ের নিশ্চয়তা নেই।বোলিং নিয়ে ভালোই ঝামেলায় আছে ভারত। তাদের উচিত ছিল সুদীপ তিয়াগিকে আগেই একটা সুযোগ দেওয়া। তাতে তার বোলিংটা দেখা হতো। আর কে না জানে, নতুন বোলারদের কিছু ওভার ব্যাটসম্যানরা বল বুঝতে বুঝতেই পার করে দেয়। সে পার্থক্য গড়ে দিতে পারত ওই ওভারগুলোর মধ্যেই। তবে বিরাট কোহলি যে মেজাজ দেখিয়েছে, ভারতের জন্য সেটা বাড়তি প্রাপ্তি। মনে হচ্ছে, পরিস্থিতি খুব ভালো বুঝতে পারে সে এবং দলের প্রয়োজন অনুসারে ব্যাটিংটা মানিয়ে নিতে পারে। তা ছাড়া দ্রুতগতির ফিল্ডিংও তাকে দলের জন্য একটা সম্পদে পরিণত করছে। এক বছরের মধ্যে নিজেকে কীভাবেই না বদলে ফেলেছে ছেলেটি। যদি এভাবেই খেলতে থাকে, ও শুধু ভারতের সেরা খেলোয়াড়দেরই একজন হবে না, ভবিষ্যতের এক বিজয়ী অধিনায়কও হতে পারবে।শ্রীলঙ্কাকে মানসিকভাবে ভেঙে দিতে রোববারের ম্যাচটা ভারতকে জিততেই হবে।