সময় বাড়াল আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন ছিল আগামী শনিবার। তবে তা পিছিয়ে ২৪ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, কয়েকটি সদস্য দেশের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে আইসিসি আনুষ্ঠানিকভাবে তা জানায়নি।ধারণা করা হচ্ছে, সময় পেছানোর আবেদনকারীদের মধ্যে অন্যতম হলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। লর্ডসে আজ মাঠে গড়িয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট। এ টেস্টের পারফরম্যান্স দেখে দল ঘোষণা করতে চেয়েছিল ইংল্যান্ড। এ ছাড়া পিটারসেন ‘ইস্যু’রও এখনো সমাধান হয়নি। তবে লর্ডস টেস্ট থেকে বাদ পড়া পিটারসেনকে টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী মঙ্গলবার দল ঘোষণা করতে পারেন ইংলিশ নির্বাচকেরা।সময় বাড়ানোর আবেদনকারীদের মধ্যে আরেকটি হলো বিশ্বকাপের স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। দেশটিতে চলছে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এসএলপিএল। এই প্রতিযোগিতায় ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করে এরপর চূড়ান্ত দল ঘোষণা করতে চায় শ্রীলঙ্কা।পাঁচটি দেশ ইতিমধ্যে বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।