সময় ভালোই যাচ্ছে অঁরির
বার্সেলোনা ছেড়ে নিউইয়র্ক রেড বুলসে নাম লেখানোয় ‘ফুরিয়ে গেছেন, বুড়িয়ে গেছেন’ লোকে বলতে পারে। কিন্তু রেড বুলসে থিয়েরি অঁরির সময়টা কিন্তু ভালোই যাচ্ছে।দলকে হয়তো বড় জয়ের মুখ দেখাতে পারছেন না। তবে নিজের যে কাজ গোল করা, গোল করানো—সবই হচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে। অভিষেক ম্যাচেই গোল করেছিলেন। পরশু রাতে হিউস্টন ডায়নামোর বিপক্ষে প্রীতি ম্যাচে নিজে গোল পাননি। তবে দলের দুটি গোলেরই উৎস তিনি।দৃষ্টিনন্দন পাস দিয়ে দুটি গোলই করিয়েছেন কলম্বিয়ান তারকা হুয়ান পাবলো অ্যাঞ্জেলকে দিয়ে। ভালো খেলার তৃপ্তি আছে। কিন্তু দুঃখ একটাই, এবারও রেড বুলস হাসতে পারেনি জয়ের হাসি। ম্যাচ হয়েছে ড্র।ম্যাচে অপ্রীতিকর ঘটনার মুখোমুখিও হতে হয়েছে অঁরিকে। নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে দুই সমর্থক মাঠে ঢুকে জাপটে ধরেন অঁরিকে। তবে কোনো বিপদ হয়নি। দল না জেতার হতাশা আছে। তবে নিজের পারফরম্যান্সে অঁরি খুশি।অঁরি তবু ড্র করেছেন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি হারের পরও উচ্চকণ্ঠ। পরশু যুক্তরাষ্ট্রেরই বাল্টিমোরে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান ও ম্যানসিটি। ম্যাচে ইন্টার ১০ জনের দল ম্যানসিটিকে হারিয়েছে ৩-০ গোলে। এই হারে এতটুকু আফসোস নেই ম্যানসিটির কোচ মানচিনির। বরং উচ্ছ্বসিত কণ্ঠে ঘোষণা দিয়েছেন শিরোপা জয়ের, ‘আমি জানি না সেটা প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ নাকি এফএ কাপ। তবে আমি একটি ট্রফি জিতব।’ একের পর এক খেলোয়াড় কিনে ম্যানসিটিই গরম রেখেছে এবারের দলবদলের বাজার। এএফপি।