সময় মিলল আগস্ট পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির আর কোনো সভা নিয়ে টেস্ট যুগের বাংলাদেশের এত আগ্রহ ছিল বলে মনে হয় না। আগ্রহ না বলে অবশ্য উৎকণ্ঠা বলাই ভালো। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয়ের কথা বলে সেই উৎকণ্ঠার জন্ম দিয়েছিলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান। গত পরশু লন্ডনে শেষ হওয়া আইসিসির সভায় অবশ্য আগস্ট পর্যন্ত সময় মিলেছে, সে সময় আরেক দফা ভেন্যু পরিদর্শনের পরই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আইসিসি ভেন্যু পরিদর্শক দল প্রথমবার পরিদর্শনে এসেছিল গত মে মাসে। তারা দেখে গিয়েছিল মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্ধারিত কক্সবাজারে স্টেডিয়াম তৈরির কাজ শুরুই হয়নি, শুরু হয়নি সিলেট স্টেডিয়ামের প্যাভিলিয়ন তৈরির কাজও। নির্ধারিত সময়ে ভেন্যু প্রস্তুত হওয়া নিয়ে তখনই সংশয় প্রকাশ করে পরিদর্শক দল। আইসিসিকে দেওয়া প্রতিবেদনে ডিসেম্বরের আগে স্টেডিয়ামের কাজ শেষ হবে না বলে শঙ্কাও প্রকাশ করা হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো টুর্নামেন্টের অন্তত ছয় মাস আগে স্টেডিয়াম পুরোপুরি তৈরি হতে হবে। আগামী ১৬ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সে অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে আইসিসিকে বুঝিয়ে দিতে হবে ভেন্যু। গত ১০ জুন দ্বিতীয় দফায় পরিদর্শনে এসেও খুব একটা অগ্রগতি দেখতে পায়নি পরিদর্শক দল। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে আবারও তাই সংশয় প্রকাশ করা হয় তাদের দেওয়া প্রতিবেদনে। আগস্টে আইসিসি প্রতিনিধিদলের পরবর্তী পরিদর্শনের আগে সিলেট ও কক্সবাজারে ভেন্যু প্রস্তুতিতে দৃশ্যমান অগ্রগতি হলে তো ভালোই। তবে না হলেও বাংলাদেশ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ অন্য কোনো দেশে চলে যাওয়ার সম্ভাবনা সম্ভবত নেই। বড়জোর ভেন্যু পরিবর্তন হতে পারে। নির্ধারিত সময়ে কক্সবাজার ও সিলেট স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে গত পরশু লন্ডনে নাজমুল হাসান সেই বিকল্পের কথাই বলেছেন, ‘আরও দুটি ভেন্যু তো আমাদের আছেই। সিলেটের বিকল্প হিসেবে ফতুল্লা আছে, পরিপূর্ণ ও বিশ্বমানের এক স্টেডিয়াম, যেখানে আন্তর্জাতিক ম্যাচও হয়েছে। মেয়েদের জন্য কক্সবাজারের বিকল্প হিসেবে বিকেএসপিতে আইসিসির গাইডলাইন মেনেই আমরা দুটি ভেন্যু তৈরি করেছি।’ পরিদর্শক দল সংশয় প্রকাশ করেছিল ঢাকায় আবাসনব্যবস্থা নিয়েও। তবে রূপসী বাংলা হোটেলের সংস্কারকাজ পিছিয়ে যাওয়ায় সেখানেও দুশ্চিন্তার কিছু দেখছেন না নাজমুল হাসান।এবার আইসিসির সভার দিকে বাংলাদেশের চোখ ছিল আরও একটা কারণে। বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে আকসুর প্রতিবেদন পাওয়ার কথা ছিল এই সভাকালীনই। তদন্ত প্রতিবেদন দিতে আরও মাস খানেক সময় লাগার কথা জানা গিয়েছিল আগেই। প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘অতিগুরুত্বপূর্ণ’ বলেই এটি তদন্ত করতে আরও সময় প্রয়োজন। আইসিসির সভায় পেশ করা বার্ষিক প্রতিবেদনে দুর্নীতি প্রতিরোধে সদস্য দেশগুলোকে আরও কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন আকসু চেয়ারম্যান স্যার রনি ফ্ল্যানাগান। ওয়েবসাইট।