সময়ের দাবিতেই এনসিএল টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা করেছিল আইসিএল। তবে টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটের রংটাই বদলে দেওয়ার কৃতিত্ব বলুন বা সর্বনাশ, সেটার দায়দায়িত্ব আইপিএলের। আইপিএলের সৌজন্যে ব্যাট-বলের খেলার অপরিহার্য অনুষঙ্গ এখন চিয়ারলিডার আর আতশবাজি। সারা বিশ্বই যখন এই বাজনার তালে নাচছে, বাংলাদেশ আর পিছিয়ে থাকে কেন?প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টি ঢুকেছে, চট্টগ্রাম থেকে উঠেছে পিসিএল টি-টোয়েন্টির ঢেউ, যা এবার শারজায় আছড়ে পড়ল, এখন জাতীয় ক্রিকেটের সূচিতেও ২০ ওভারের ক্রিকেট উদ্দাম নাচছে। এবং এই উদ্দামতাকে জায়গা দিতে এবার এক দিনের ক্রিকেট ছেঁটে ফেলা হলো জাতীয় লিগ থেকে। আগে তো যুগের সঙ্গে তাল মেলানো, তারপর অন্য কিছু।বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন অবশ্য পুরোপুরি মানতে রাজি নন, ১১ এপ্রিল থেকে শুরু এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টটা আইপিএলের দেখানো পথে হেঁটেই হচ্ছে। তাঁর কথা, এই আয়োজন টি-টোয়েন্টির বৈশ্বিক দাবির কারণেই, ‘কাউকে অনুসরণ করে নয়। প্রতি দুই বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। দ্বিপক্ষীয় সিরিজগুলোর সঙ্গেও প্রায়ই থাকছে টি-টোয়েন্টি ম্যাচ। এসব বিবেচনায় টি-টোয়েন্টি ক্রিকেটে অভ্যস্ত হয়ে উঠতেই এই উদ্যোগ। আমরা যেন এই ক্রিকেটেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারি...। তা ছাড়া খেলোয়াড়দের আর্থিকভাবে উপকৃত করাও এর একটা উদ্দেশ্য।’দ্বিপক্ষীয় সিরিজে টি-টোয়েন্টি ম্যাচ থাকলে আইসিসির নিয়ম হলো স্বাগতিক দল প্রতিপক্ষকে প্রতি ম্যাচের জন্য ৭৫ হাজার ডলার দেবে। তার মানে বাংলাদেশ বিদেশে খেললে যেমন টাকাটা পাবে, অন্য কোনো দল বাংলাদেশে এলে তাদেরও দিতে হবে ম্যাচপ্রতি এই টাকা। হোম সিরিজে টাকাটা যেন একেবারে পানিতে না পড়ে, সেটা নিশ্চিত করতেও ২০ ওভারের ক্রিকেটে অভ্যস্ততা জরুরি মনে করেন গাজী আশরাফ। এনসিএল টি-টোয়েন্টি আয়োজনের পেছনে আরেকটা কারণও আছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে প্রতিশ্রুতি আছে, বাংলাদেশের টি-টোয়েন্টি একটা ভালো মানে পৌঁছালে এখানকার জাতীয় চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ দেওয়া হবে। এনসিএল টি-টোয়েন্টির মাধ্যমে সেটিও নিশ্চিত করতে চাচ্ছে বিসিবি।আইপিএলের মতো এনসিএল টি-টোয়েন্টিতে নিলাম হবে না, খেলোয়াড় বাছাই হবে লটারিতে। প্রতি দলের জন্য বোর্ডের ঠিক করে দেওয়া চারজন করে আইকন খেলোয়াড় ছাড়া ১১৯ জনের একটি খেলোয়াড় তালিকা ঠিক করা হয়েছে। এই তালিকা থেকেই আজ রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের ছয় দল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল বেছে নেবে তাদের পছন্দের ক্রিকেটার। ছয়টি ফ্র্যাঞ্চাইজের কিনে নেওয়ার কথা এই দলগুলো। কাল পর্যন্ত পাঁচটি বিক্রিও হয়ে গেছে। সর্বশেষ খুলনা দলটি নিজের নামে কিনে নিয়েছেন টুর্নামেন্টের ইভেন্ট পার্টনার এটিএন রেকর্ডসের কর্ণধার মাহফুজুর রহমান। বরিশাল দল কাল পর্যন্ত অবিক্রীত থাকলেও টুর্নামেন্ট কমিটির প্রধান জানিয়েছেন, আজ বিকেলে খেলোয়াড় নির্বাচন লটারির আগে গতি হয়ে যাবে সেটিরও।‘এ+’ ও ‘এ’ শ্রেণীসহ টুর্নামেন্টে মোট পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে খেলোয়াড়দের। ‘এ+’ শ্রেণীর ক্রিকেটাররা পাবেন ৪ লাখ টাকা করে, ‘এ’ শ্রেণীর ৩ লাখ টাকা করে, ‘বি’ শ্রেণীর ২ লাখ টাকা করে, ‘সি’ শ্রেণীর ১ লাখ ৫০ হাজার টাকা করে ও ‘ডি’ শ্রেণীর ক্রিকেটাররা পাবেন ১ লাখ টাকা করে।প্রথমবারের মতো এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করতে নেমে বিসিবি যে খুব বেশি লাভবান হবে তা নয়—বিসিবির পূর্বানুমানেও সেটি দেড় কোটি টাকার বেশি নয়। বোর্ডের আয় বলতে ফ্র্যাঞ্চাইজ-প্রতি ৬৫ লাখ টাকা করে পাওয়া। ছয়টি ফ্র্যাঞ্চাইজ বিক্রি করে পাওয়া ৩ কোটি ৯০ লাখ টাকার মধ্যে ভাগ থাকবে টুর্নামেন্টের স্বত্ব কিনে নেওয়া এটিএন রেকর্ডসেরও। চ্যাম্পিয়ন দলের পুরস্কার ১ লাখ ডলার ও রানার্সআপ দলের ৫০ হাজার ডলারসহ অন্যান্য প্রাইজমানি এবং আয়োজনের খরচ বাদ দিয়ে যে টাকা থাকবে, তা সমান ভাগ করে নেওয়ার কথা বিসিবি ও এটিএন রেকর্ডসের। তবে এটিএন রেকর্ডস ডেসটিনি গ্রুপের কাছে দেড় কোটি টাকায় টাইটেল স্পনসর বিক্রি করলেও চুক্তি অনুযায়ী সেখান থেকে কানাকড়িও পাওয়ার কথা নয় বিসিবির।