সময়ের দুষ্টচক্রে আশরাফুল!
সময়ের ষড়যন্ত্রই তাহলে! ঢাকা প্রিমিয়ার লিগে গত কয়েক বছর যে দলেই খেলেছেন, নিজেই দল বানিয়েছেন। আর এবার? মোহাম্মদ আশরাফুলকে ছাড়াই পূরণ হয়ে গেছে পুরোনো ক্লাব মোহামেডানের পুলের কোটা। নতুন কোনো ক্লাবও এখনো সেভাবে আগ্রহ দেখায়নি। বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজের দল থেকেও।সময়ের দুষ্টচক্রে পড়ে যাওয়ার উপলব্ধিটা আশরাফুলের নিজেরও, ‘গত প্রায় ১০ বছরে প্রিমিয়ার লিগে আমার দল আমি নিজেই করেছি। দলে যদি একজন পুলের খেলোয়াড়ও নিশ্চিত হয়ে থাকে, সেটা আমিই ছিলাম। আর এবার এখনো কেউ কথাই বলল না! জাতীয় দল থেকেও বাদ পড়লাম। সব মিলিয়েই আসলে সময়টা ভালো যাচ্ছে না।’ সামনে বিশ্বকাপ। তার আগে এমন খারাপ সময়ে হাবুডুবু খাওয়া মানে তো বড় একটা অভিশাপই নেমে আসা মাথার ওপর! ঘরের মাঠে বিশ্বকাপ খেলার স্বপ্ন নিশ্চয়ই জাতীয় দলের অনেক ক্রিকেটারের চেয়ে একটু বেশিই দেখেন আশরাফুল। সেই স্বপ্ন কি তাহলে ফিকে হতে চলল?এটা আশরাফুল মানতে রাজি তো ননই, ‘আমি এরপর যে ম্যাচটা খেলব, সেখান থেকেই ভালো খেলা শুরু করব’ জাতীয় আগাম ঘোষণাও দিতে পারছেন। সর্বশেষ ১১টি ওয়ানডেতে হাফ সেঞ্চুরিহীন (রান মোট ১৩৩) একজন ব্যাটসম্যানের এমন আত্মবিশ্বাসী উচ্চারণ যথেষ্টই কৌতূহলোদ্দীপক। সেই কৌতূহলের উত্তর হলো, আশরাফুলের এই আত্মবিশ্বাস ইতিহাসের ওপর দাঁড়িয়ে, ‘গত বিশ্বকাপের আগেও আমার ফর্ম ভালো যাচ্ছিল না। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে বাদ পড়লাম। এরপর ঘরোয়া ক্রিকেটে ভালো করে ঠিকই দলে ফিরেছি, বিশ্বকাপ খেলেছি। আর বিশ্বকাপে কেমন খেলেছি, সেটা তো আপনারাও জানেন। কাজেই এ নিয়ে ভাবছি না। আমি জানি ফর্মে ফিরে বিশ্বকাপের দলে আমি ঠিকই থাকব। খারাপ সময় অতটা লম্বা হবে না।’খারাপ সময়ে ভালো সময়ের কথা মনে করার নিয়ম। ক্রিকেটারদের বেলায় নাকি এটা আরও বেশি প্রেরণাদায়ী। আশরাফুলও সময়ের ষড়যন্ত্রের গায়ে সে ওষুধই ছিটাচ্ছেন, ‘এটা ঠিক যে এক-দেড় বছর ধরে আমি জঘন্য খেলছি। আমার এখনো বিশ্বাস, ফর্মে থাকলে আমি বাংলাদেশের যেকোনো খেলোয়াড়ের চেয়ে ভালো খেলতে পারি। বড় বড় দলের বিপক্ষে আমার অনেক ম্যাচ জেতানো ইনিংস আছে। ফর্মে থাকলে মনে হয় না খুব সমস্যা হবে।’আসলেই...আশরাফুল ফর্মে থাকলে তো আর এসব নিয়ে আলোচনাই হতো না! তা ফর্মে ফিরতে কী পরিকল্পনা জাতীয় দলের সাবেক অধিনায়কের? বিশেষ কিছু নয়, সামনে ঘরোয়া ক্রিকেট—আশরাফুল জাতীয় দলে ফেরার যুদ্ধক্ষেত্র মানছেন এটাকেই, ‘স্ট্যান্ডবাই হিসেবে যেহেতু আছি, আপাতত তো জাতীয় দলের প্র্যাকটিসে আছিই। এরপর জাতীয় লিগ, প্রিমিয়ার ক্রিকেট আছে। দলে ফিরতে হলে এসব জায়গায় ভালো করতে হবে আমাকে। এর বাইরে সুযোগ পেলে সমস্যাগুলো নিয়ে কাজ করব। আপনারাও তো দেখেন আমি কখনো অনুশীলনে ফাঁকি দিই না। দলে ফিরতে যত রকম পরিশ্রম করতে হয়, সবই করব।’আশরাফুলের দাবিটায় কোনো ফাঁকি নেই। বাংলাদেশ দলের অনুশীলনে যাঁরা খুব ‘সিরিয়াস’, আশরাফুল তাঁদের ওপরের দিকেই থাকবেন। তার পরও আন্তর্জাতিক ক্রিকেট সচকিত করে আবির্ভূত ব্যাটসম্যানের ক্যারিয়ারজুড়েই যে জোয়ার-ভাটার খেলা, সেটার কারণ কি শুধুই সময়ের দুষ্টচক্র? নাকি প্রতিভার প্রতি অবিচারও দায়ী তাতে?