সময়ের ফিতেয় সেই স্পট ফিক্সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০

 আগস্ট ২৮: ব্রিটেনের একটি ট্যাবলয়েড পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড (২০১১ সালে বিলুপ্ত) দাবি করল, লর্ডস টেস্টে তরুণ পেস বোলার মোহাম্মদ আমির, তাঁর নতুন বলের সঙ্গী মোহাম্মদ আসিফ এবং অধিনায়ক সালমান বাট বাজিকরদের কাছ থেকে অর্থের বিনিময়ে নো-বল করতে রাজি হয়েছেন।

সেপ্টেম্বর ২: আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধ করে তিন পাকিস্তানি ক্রিকেটারকে।

সেপ্টেম্বর ১৯: এমনিতেই গুমোট আবহে চলা ওয়ানডে সিরিজে আরেকটু তিক্ততা ছড়ালেন পাকিস্তানের ক্রিকেট বোর্ড সভাপতি ইজাজ বাট। তাঁর অভিযোগ, ইংল্যান্ড নাকি ইচ্ছে করে হেরেছে ওভালের তৃতীয় ওয়ানডেটি।

সেপ্টেম্বর ২০: চতুর্থ ওয়ানডের আগে নেটে অনুশীলনের সময় ইংল্যান্ডের ব্যাটসম্যান জোনাথন ট্রট ও পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরে ট্রট দুঃখ প্রকাশ করেন রিয়াজের কাছে। ইংল্যান্ড ওয়ানডে সিরিজে জয়ী হয় ৩-২ ব্যবধানে।

২০১১

ফেব্রুয়ারি ২: ইজাজ বাট ওভালের ম্যাচের ব্যাপারে তাঁর অভিযোগ ফিরিয়ে নেন।

ফেব্রুয়ারি ৫: আইসিসি সালমান বাটকে ১০ বছর (পাঁচ বছর স্থগিত), আসিফকে সাত বছর (দুই বছর স্থগিত) এবং আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে।

সেপ্টেম্বর ১৬: ষড়যন্ত্র করে প্রতারণার মাধ্যমে অবৈধ অর্থপ্রাপ্তির কথা স্বীকার করে ক্ষমা চান আমির।

নভেম্বর ১: লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে প্রতারণা ও অবৈধ অর্থপ্রাপ্তির অভিযোগে দোষী সাব্যস্ত হন বাট ও আসিফ।

নভেম্বর ৩: বাটকে আড়াই বছর, আসিফকে ১২ মাস এবং আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের এজেন্ট মাজহার মাজিদকে দেওয়া হয় দুই বছর আট মাসের শাস্তি।

২০১৫

সেপ্টেম্বর ১৫: আমির, আসিফ ও বাটের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। তবে আমিরের নিষেধাজ্ঞা এর আগে এপ্রিলেই শিথিল করে ঘরোয়া ক্রিকেটে ফেরার সুযোগ দেওয়া হয়।

২০১৬

জানুয়ারি ১৫: অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আমির। সেদিন ৪ ওভারে ৩১ রানে ১টি উইকেটও পান। এরপর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের হয়ে খেলেছেন।

মে ২: ইংল্যান্ড সফরের পাকিস্তান দলে ডাক পান আমির। আর তাতে নিশ্চিত হলো টেস্ট ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনটা হচ্ছে ১৪ জুলাই লর্ডসে, ছয় বছর আগে ঠিক যেখানে অপরাধ করে পেয়েছিলেন শাস্তি।

জুলাই ৩-৫: ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরলেন। টন্টনে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৬ রানে নিলেন ৩ উইকেট। ব্যাটিংয়ে নেমে ২ বলে শূন্য রানে ফিরেছেন। তাঁকে করা জশ ডেভির প্রথম বলটি ছিল নো-বল!

সূত্র: এএফপি।