সময়ের সঙ্গে মারের লড়াই
সেরেনা উইলিয়ামসের রেকর্ড ২৩টি এইস। ইয়ারোস্লাভা শভেদোভার রেকর্ড টানা ২৪ পয়েন্ট। অ্যান্ডি মারের সময়ের সঙ্গে যুদ্ধ। এক দিনের বিরতির আগে পরশু দারুণ একটা দিনের সাক্ষী হলো উইম্বলডন। রোববারের বিরতির পর শেষ ষোলোর লড়াই দিয়ে আজ আবার কোর্টে গড়াচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম। লুকাস রোসলের কাছে দ্বিতীয় বাছাই রাফায়েল নাদালের বিস্ময়কর হারের ৪৮ ঘণ্টা পর। তৃতীয় বাছাই রজার ফেদেরারের খাদের কিনার থেকে উঠে আসার ২৪ ঘণ্টা পর চতুর্থ বাছাই অ্যান্ডি মারেকে লড়তে হয়েছে অন্য রকম এক লড়াই। প্রতিপক্ষ মর্কোস বাগদাতিসের সঙ্গে এই ব্রিটিশকে লড়তে হয়েছে টিকটিক করা ঘড়ির কাঁটার সঙ্গেও। তবে দুই পক্ষকেই হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেছেন মারে।উইম্বলডনের সেন্টার কোর্টে ম্যাচ শেষ করার সময় লন্ডন সময় রাত ১১টা। সময় ফুরিয়ে গেলে এক দিনের বিরতির পর মারেকে আজ আবার মাঠে নামতে হতো খেলা শেষ করতে। সাইপ্রাসের বাগদাতিসকে যখন ৭-৫, ৩-৬, ৭-৫, ৬-১ গেমে হারালেন মারে তখন সময় রাত ১১-০২ মি.। উইম্বলডনে ইতিহাসে সবচেয়ে দেরিতে শেষ হওয়া ম্যাচ। দিনের খেলা দিনেই শেষ করতে পেরে হাঁফ ছেড়ে বেঁচেছেন মারে, ‘আমার ধারণা ছিল স্কোর যা-ই হোক না কেন ১১টাতেই থামতে হবে। ওই সময়ে শেষ সেটে ৫-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় ভেবেছি আমাদের মনে হয় আবার সোমবারে ফিরে আসতে হবে।’চতুর্থ রাউন্ডে মারের প্রতিপক্ষ মারিন সিলিচ। এই ক্রোয়েশিয়ান অল ইংল্যান্ড ক্লাবের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম ম্যাচে ৭-৬ (৮/৬), ৬-৪, ৬-৭ (৭/২), ৬-৭ (৭/৩), ১৭-১৫ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরিকে। দুই বছর আগে নিকোলাস মাহুত ও জন ইসনার খেলেছিলেন ১১ ঘণ্টা ৫ মিনিটের ম্যাচ। পরশু সিলিচ-কোয়েরির লেগেছে এর অর্ধেকেরও কম সময়, ৫ ঘণ্টা ৩১ মিনিট। পরশু তৃতীয় রাউন্ডেই শেষ হয়েছে নাদাল-ঘাতক রোসলের দৌড়। জার্মানির ফিলিপ কোলশ্রেইবারের কাছে সরাসরি হেরেছেন এই চেক। রয়টার্স। মেয়েদের বিভাগে ফ্রেঞ্চ ওপেন রানার্সআপ সারা এরানিকে ৬-০, ৬-৪ গেমে হারানোর পথে প্রথম সেটে টানা ২৪টি পয়েন্ট জিতেছেন কাজাখস্তানের শভেদোভা।