সরকারের দিকে তাকিয়ে তাঁরা

স্বপ্না আক্তারের সব স্বপ্ন হারিয়ে গেছে সেই কবেই! ২০১০ সালের ৪ ডিসেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর স্বামী এসএ গেমসে ২০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী অ্যাথলেট মাহবুব আলম। ওই দিনই জীবনের সব আলো নিভে গেছে তাঁর। একমাত্র কন্যা শারজানা আলমকে নিয়ে কষ্টে কাটছে দিন।
মাত্র ৩৫ বছর বয়সে নিভে যায় মাহবুবের জীবনপ্রদীপ। সেই থেকে শ্বশুরবাড়ির লোকজন সম্পর্ক ছিন্ন করে দেন স্বপ্নার সঙ্গে। উপায়ন্তর না দেখে মেয়েকে নিয়ে বোনের বাড়িতে গিয়ে ওঠেন। এখনো সেখানে আছেন।
মাহবুব অকালে চলে যাওয়ার পর ফেডারেশন থেকে তাঁর স্ত্রীকে দেওয়া হয়েছিল এক লাখ টাকা। অ্যাথলেটিক ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস দেন ৫০ হাজার টাকা। ওই টাকা কবেই শেষ! মাহবুবের স্ত্রী তাই চোখে অন্ধকার দেখছেন, ‘মাহবুবের মৃত্যুর পর পাওয়া টাকা খরচ হয়ে গেছে। মেয়ের পড়াশোনার জন্যও প্রতি মাসে টাকা লাগে। কী যে করি আমি, কোনো পথ খুঁজে পাচ্ছি না।’
মেয়ে শারজানা বর্তমানে কিশোরগঞ্জের জিলা স্মরণী বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ছে। তার পড়ালেখার জন্য এত দিন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) প্রতি মাসে দিত পাঁচ হাজার টাকা। ওই টাকায় পড়াশোনার খরচটা কোনো রকম চললেও ছয় মাস ধরে সেটিও বন্ধ।
কিশোরগঞ্জ থেকে কাল ঢাকায় ছুটে আসেন প্রয়াত মাহবুবের স্ত্রী ও তাঁর মেয়ে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়ার কক্ষে তাঁদের দেখা গেল চুপচাপ বসে আছেন। দুজনের চোখে রাজ্যের বিষণ্নতা। মা-মেয়ে ঢাকায় এসেছেন নতুন আশায়। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মাহবুবের স্ত্রী কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে একটি দোকান বরাদ্দ চান। সেই আবেদনও করেন কিছুদিন আগে।
সচিবালয় থেকে ৪ ডিসেম্বর একটি চিঠি দেওয়া হয়েছে মাহবুবের স্ত্রীর হাতে। সহকারী সচিব সিরাজুম ছালেকীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কমলাপুর স্টেডিয়ামে দোকান খালি থাকা সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তি করা হোক। মাহবুবের স্ত্রী শুধু আশ্বাসই পাচ্ছেন, আদৌ দোকান বরাদ্দ পাবেন কি না জানেন না।
বেদনায় ভারাক্রান্ত কণ্ঠে স্বামীহারা স্বপ্না বলেন, ‘মাহবুব মারা যাওয়ার পর থেকেই আমার কপাল পুড়েছে। মেয়েকে নিয়ে বেঁচে থাকতে আপ্রাণ লড়াই করে যাচ্ছি। সরকার আমার দিকে একটু সুনজর দিলে হয়তো মেয়েকে নিয়ে বাকি দিনগুলো কাটাতে পারতাম।’