সরকারের সহযোগিতা চাইল বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল উন্নয়নে আর্থিক অনুদান পেতে সরকারের কাছে অনেক দিন ধরেই ধরনা দিচ্ছে বাফুফে। তারই ধারাবাহিকতায় কাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে দেখা করলেন বাফুফের কর্মকর্তারা। ক্রীড়া উপমন্ত্রী ও বাফুফের সহসভাপতি আরিফ খান জয়ও উপস্থিত ছিলেন এ সময়।
ফুটবলের উন্নয়নে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন মন্ত্রীকে তিনটি প্রস্তাব দিয়েছেন। প্রথমত, বাফুফেকে যেন বার্ষিক ৩৫ কোটি টাকা অনুদান দেয় সরকার। এ ছাড়া দেশের সাতটি বিভাগেই ক্রিকেটের পাশাপাশি ফুটবলের জন্য স্টেডিয়াম বরাদ্দ চাওয়া হয়েছে, যাতে সারা বছর ফুটবল মাঠে রাখা যায়। জাতীয় ক্রীড়া পরিষদ বর্তমানে জেলা ক্রীড়া সংস্থাকে যে বার্ষিক অনুদান দেয়, তা থেকে ৩৫ শতাংশ টাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফ) জন্যও চেয়েছে বাফুফে।
ক্রীড়া প্রতিমন্ত্রী ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন, ‘এই আলোচনাগুলো আরও আগেই হওয়া উচিত ছিল। নীতিগতভাবে আমরা এই প্রস্তাব সমর্থন করেছি। তবে কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটাই এখন দেখার। ফুটবলের হারিয়ে যাওয়া ঐতিহ্য আবারও ফিরে আনা আমাদের লক্ষ্য।’ মন্ত্রীর সঙ্গে দেখা করে বেশ খুশি সালাউদ্দিন, ‘আমাদের প্রস্তাব মন্ত্রীর পছন্দ হয়েছে। যত তাড়াতাড়ি বরাদ্দ পাওয়া যাবে, ততই ফুটবলের জন্য ভালো।’