সরফরাজকে অধিনায়ক করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

১৯৯২ সালের ২৫ মার্চ পাকিস্তান জিতেছিল ৫০ ওভারের বিশ্বকাপ। কী অদ্ভুত, এই দিনেই পাকিস্তান বিদায় নিল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে, কিন্তু এখনো আমরা ১৯৯২ বিশ্বকাপ জয়ের উদ্যাপন করি। এটাই পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় ভুল।
ওই জয়টা আমাদের এখন ভুলে যেতে হবে, কারণ ওটা এখন ইতিহাস। আমাদের এখন থেকে তিন-চার বছর পরের ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমরা ভুলে যাই, এমনকি ১৯৯২ সালের তিন-চার বছর আগেই ইমরান ভবিষ্যতের কথা ভেবে রেখেছিলেন। অস্ট্রেলিয়ায় এক মাসব্যাপী একটা অনুশীলনও করিয়েছিলেন।
দুঃখের বিষয়, আমরা বাকিদের চেয়ে এখন অনেক পিছিয়ে আছি। কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস রীতিমতো আতঙ্ক জাগানিয়া। তারা যেন প্রস্তরযুগে পড়ে আছে। ইন্টারনেট, ফেসবুক আর টুইটারে তাদের খুঁজে দেখা উচিত কীভাবে বাকিরা নিজেদের ফিট রাখে। কুক, স্টিভ স্মিথ, ডি ভিলিয়ার্সদের দেখে শেখা উচিত তাদের।
সত্যিটা হচ্ছে, এই খেলোয়াড়েরাই আমাদের সেরা। আমাদের অনেক গভীরে যেতে হবে, তৃণমূল থেকে সবকিছু বদলাতে হবে। ফিল্ডিং, ফিটনেসের ক্ষেত্রে আমাদের আরও আধুনিক হতে হবে। প্রথম শ্রেণির ক্রিকেটের কাঠামো প্রতিবছরেই বদলে যায়, ভারতে কি সেটা কখনো সম্ভব? সমস্যা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটে দেখভালের দায়িত্ব যাঁর তিনি একজন সাবেক সাংবাদিক, অবস্থা বদলাবে কীভাবে? কারণ সব টুর্নামেন্টের আগেই আমরা জয়ের আশায় থাকি, কিন্তু শুধু আশা নিয়ে বসে থাকলে তো চলবে না। সেটা আগে থেকেই পরিকল্পনা করতে হবে। পরিবর্তন হবে যদি সে রকম দূরদৃষ্টি নিয়ে কেউ কাজ করেন। কিন্তু আমি ঠিক নিশ্চিত নই সেটা হবে কি না।
আফ্রিদিকেও এখন অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। সমর্থক ও সংবাদমাধ্যমের কাছেও নিজেদের পারফরম্যান্সের জবাবদিহি তাঁকেই করতে হবে। সে যদি অবসরের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে ভাবতে হবে পাকিস্তানের ক্রিকেটে তিন সংস্করণেই এখন একজন অধিনায়কের দরকার কিনা? আমার তা-ই মনে হয়।
মিসবাহ্কে আরও কিছুদিন টেস্ট অধিনায়ক হিসেবে থাকতে হবে, কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে সরফরাজকে বিবেচনা করা উচিত। আমাদের তো তিন ধরনের ক্রিকেটের জন্য আলাদা করে ও রকম ক্রিকেটারই নেই, ৩ জন অধিনায়ক কীভাবে থাকবে? সরফরাজকে সেই দায়িত্ব নিতে হলে নিজের ফিটনেসেরও উন্নতি করতে হবে।
পাকিস্তান টেস্টে ভালোই করেছে, কিন্তু টেস্টের চতুর্থ-পঞ্চম দিনে গিয়ে ভুগেছে। ইংল্যান্ডে পরের সফরে আমরা চারটি টেস্ট খেলব। ব্যাটসম্যানরা সেখানে গিয়ে ভুগতে পারে। আমাদের মিসবাহ ও ইউনিস আছে, কিন্তু দুজনের পক্ষে সবকিছু সামাল দেওয়া তো সম্ভব নয়। হাফিজ-আজহারদেরও দায়িত্ব নিতে হবে। আর শোয়েব মালিকও টেস্টে ২৫০ করার পর অদ্ভুতভাবে অবসর নিয়ে ফেলল।
আমার মনে হয়, পিসিবির কেউ কেউ আমার অবদান চান না। আমি পাকিস্তানের ক্রিকেটের জন্য কাজ করতে চাই, কিন্তু আমাকে সেটি আগে বলতে হবে। পাকিস্তানের ক্রিকেটে উন্নতি আনতে চাইলে এই নেতিবাচক মানসিকতা ছাড়তে হবে। (টিসিএম)