সরফরাজকে প্রাণনাশের হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ক্রিকেটে বিদ্রোহের প্রতিমূর্তি বলা যায় তাঁকে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার তাঁর কণ্ঠ। এতটাই বেশি, মাঝেমধ্যে মনে হয়, সরফরাজ নওয়াজ হয়তো বাড়াবাড়িই করছেন। এবারও পাকিস্তানের ইংল্যান্ড সফরের আগে এই সাবেক ক্রিকেটার দাবি করেছিলেন, দলের কেউ কেউ বাজিকরদের সঙ্গে যুক্ত। এই সফরে পাতানো হতে পারে ম্যাচ। তখন কেউই তাঁর কথায় পাত্তা দেয়নি। এখন দেখা যাচ্ছে, পাকিস্তানের ক্রিকেট নিয়ে যে বিপৎসংকেত সরফরাজ দিয়েছিলেন, তার পুরোটাই সম্ভবত সত্যি!কিন্তু এ ধরনের বিপদবার্তা আবার তাঁর জন্যও ডেকে এনেছে বিপদ। ৬১ বছর বয়সী সাবেক ক্রিকেটারকে নাকি দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। এ ব্যাপারে ইসলামাবাদ পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি।৫৫টি টেস্ট আর ১৭৭টি ওয়ানডে খেলা সাবেক এই পেসার কাল সাংবাদিকদের জানিয়েছেন, ‘গত সপ্তাহে ইসলামাবাদের একটা পার্কে হাঁটছিলাম। এমন সময় পেছন থেকে দুজন লোক চিৎকার করে আমাকে হুমকি দিল, আমি যেন আর এভাবে কথা না বলি। ওরা এই হুমকিও দিয়েছে, আমি পেছন ফিরে তাকালেই আমাকে মেরে ফেলা হবে। আমি পুলিশের কাছে অভিযোগ করেছি। বিষয়টি ওরা তদন্ত করে দেখছে।’বিষয়টি আসলেই কতটা গুরুতর কে জানে। তবে সরফরাজের ওপর বাজিকরদের রাগটা পুরোনো। তিনিই প্রথম দাবি করেছিলেন, বব উলমারকে খুন করা হয়েছে। কিছু কিছু পাকিস্তানি ক্রিকেটার এখনো ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত—এ কথা সুযোগ পেলেই তিনি জানিয়ে দিতেন। অবশ্য কাল তিনি এও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ‘আমি মোটেও কাউকে পরোয়া করি না। এসব হুমকি-ধমকিতে কাজ হবে না। আমি দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যাব। এ ধরনের দুর্নীতির শেকড় চিরতরে উপড়ে ফেলার লড়াইয়েও অংশ নিতে আমি প্রস্তুত।’ এই লড়াইয়ে সরফরাজ একজন সঙ্গীও পেয়েছেন। সঙ্গিনী বলাই ভালো। পাকিস্তানের ক্রিকেটারদের, বিশেষ করে মোহাম্মদ আসিফের সঙ্গে যে বাজিকরদের সুসম্পর্ক, এটা জোর গলাতেই বলে আসছেন বীণা মালিক। আসিফের সাবেক এই প্রেমিকা আইসিসির কাছে বেশ কিছু প্রমাণও দিয়েছেন এ ব্যাপারে। সরফরাজের মতো তাঁরও জীবন নাকি সংশয়ের মুখে। এই টিভি অভিনেত্রী কদিন আগে জানিয়েছিলেন, দুজন লোক এসে তাঁকে শাসিয়ে গেছে মুখ বন্ধ রাখার জন্য। অবশ্য বীণার কণ্ঠেও প্রত্যয়, ‘ন্যায়ের লড়াইয়ে আমি পিছু হটব না।’ এএফপি।