সরফরাজকে মিয়াঁদাদের হুমকি
জাভেদ মিয়াঁদাদের সঙ্গে সরফরাজ নেওয়াজের দ্বন্দ্বটা অনেক পুরোনো। সেই আশির দশক থেকে এই দুই পাকিস্তানি একজন আরেকজনকে তাড়িয়ে বেড়াচ্ছেন। তাড়িয়ে বেড়ানোর ব্যাপারটা দুজনের মধ্যে ভাগাভাগি করে দিলে অবশ্য একটু অন্যায়ই করা হয়ে যায়। বলা ভালো, সরফরাজ নেওয়াজই জাভেদ মিয়াঁদাদকে প্রায়ই তাড়া করেন। ১৯৮৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে জাভেদ মিয়াঁদাদের অসাধারণ একটি ইনিংসের পরও পাকিস্তান হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই সময় এই সরফরাজ নেওয়াজ মিয়াঁদাদ ইচ্ছা করে মন্থরগতিতে খেলে পাকিস্তানের পরাজয় ত্বরান্বিত করেছিলেন মর্মে আদালতে একটি মামলা ঠুকে দিয়েছিলেন। সেই থেকে শুরু। এরপর সরফরাজ অনেকবারই মিয়াঁদাদের বিপক্ষে নানা ধরনের মন্তব্য করে বিতর্কিত হয়েছেন। তাঁদের দুজনের সাম্প্রতিক দ্বৈরথ সাবেক পাকিস্তানি কয়েকজন ক্রিকেটারকে নিয়ে; যাঁরা অতীতে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছিলেন। তবে মিয়াঁদাদ সরফরাজের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।সরফরাজের অভিযোগ, জাভেদ মিয়াঁদাদ আতাউর রেহমান ও আকরাম রাজাদের মতো ক্রিকেটার; যাঁরা বিভিন্ন কেলেঙ্কারিতে নিজেদের জড়িয়ে পাকিস্তানি ক্রিকেটকে কলুষিত করেছিলেন, তাঁদের পক্ষে তদবির করে, তাঁদের পিসিবির বিভিন্ন চাকরিতে ঢুকিয়ে দিচ্ছেন। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বহিষ্কৃত সাবেক পেসার আতাউর রেহমানকে সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি আঞ্চলিক ক্রিকেট সংস্থায় বোলিং কোচের দায়িত্বে নিযুক্ত করেছে। আকরাম রাজাকে নিয়োগ দেওয়া হয়েছে পিসিবির আম্পায়ারস প্যানেলে।জাভেদ মিয়াঁদাদ সরফরাজ নেওয়াজের এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, ‘আমি সরফরাজের বিরুদ্ধে দুটি পদক্ষেপ নিতে পারি। একটি হচ্ছে, আমি সোজা আদালতে চলে যেতে পারি। আরেকটি হলো, আমি তাঁকে শেষবারের মতো সতর্ক করে দিতে পারি। আপাতত পরের পদক্ষেপটিই আমি গ্রহণ করছি। তবে এর পরও সরফরাজ না শুধরালে আমি তাঁকে সোজা আদালতের কাঠগড়ায় নিয়ে দাঁড় করাব। আদালতে বিচার পেতে আমার কোনো সমস্যা হবে না। কারণ, পাকিস্তানি বিচার বিভাগ এ মুহূর্তে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন।’মিয়াঁদাদ আরও জানিয়েছেন, তিনি ইচ্ছা করলেই সরফরাজ নেওয়াজের অতীতের অনেক বিষয় টেনে আনতে পারেন। কিন্তু তিনি তা করবেন না। পিসিবির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত হয়ে মিয়াঁদাদ প্রতি মাসে যে পারিশ্রমিক তুলছেন, সেটা নিয়ে সরফরাজের মন্তব্যেরও কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক এই গ্রেট ব্যাটসম্যান। তিনি বলেছেন, অনেক বড় বড় প্রস্তাব ছেড়ে এসে তিনি পিসিবিতে দায়িত্ব পালন করছেন। পাকিস্তানের ক্রিকেটে অবদান রাখতে চান দেখেই তিনি এই দায়িত্ব নিয়েছেন, অন্য কোনো কারণ এখানে খুঁজতে যাওয়া অন্যায়।জাভেদ মিয়াঁদাদ পিসিবির বর্তমান সভাপতি জাকা আশরাফের প্রশংসা করে বলেন, জাকা আশরাফ অতীতের ভুলত্রুটি শোধরানোর চেষ্টা করছেন। মিয়াঁদাদের মনে হয়েছে, জাকা আশরাফ পাকিস্তানের ক্রিকেটকে ঠিক পথে পরিচালনা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।জাকা আশরাফের আগে পিসিবির সভাপতি ছিলেন ইজাজ বাট। তাঁর সময় মতের অমিল হওয়ায় পিসিবি থেকে পদত্যাগ করেছিলেন মিয়াঁদাদ। তবে ইজাজ বাটের সঙ্গে তাঁর ব্যক্তিগত পর্যায়ে কোনো কিছু নেই বলে সোজাসুজি জানিয়ে দিয়েছেন।মিয়াঁদাদ বলেন, ‘ইজাজ বাটের সঙ্গে আমার যা হয়েছে তা সম্পূর্ণই ক্রিকেটকেন্দ্রিক। ব্যক্তিগত পর্যায়ে তাঁর সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি তাঁকে শ্রদ্ধা করি। একসঙ্গে কাজ করতে গেলে মতদ্বৈধতা তৈরি হতেই পারে, এটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়ার কিছু নেই।’ দ্য নেশন।