
পাকিস্তানের পারফরম্যান্সে আমি অবাক হচ্ছি না। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা আসলেই বিস্ময়কর। দক্ষিণ আফ্রিকার মতো একটা বড় দলকে হারানোর সাফল্য তাদের আত্মবিশ্বাস বাড়াবে। এই জয় এটাও দেখাল যে পাকিস্তান আগে ব্যাটিং করেই ভালো খেলে।
একটা সময়ে ২ উইকেটে ১০০ রান ছিল পাকিস্তানের। কিন্তু ও রকম ভালো একটা অবস্থায় থাকার পরও মিসবাহ-উল-হককে আবারও একাই দলকে টানতে হলো। উমর আকমল আমার ধৈর্যচ্যুতিই ঘটিয়ে দিয়েছে। আমার প্রশ্ন—আর কত দিন মেনে নিতে হবে যে সে অনভিজ্ঞ? ছয়-সাত বছর ধরে দলে আছে। তার প্রতিভা নিয়েও কোনো সন্দেহ নেই। তাই বলে পারফর্ম করছে না, এ রকম একজন খেলোয়াড়কে কত দিন বয়ে বেড়াবে পাকিস্তান দল! দলের মধ্যে অনভিজ্ঞ যদি কেউ থাকে, সেটা একমাত্র সোহেব মাকসুদ।
সারা দেশের দাবি মেনে সরফরাজকে দলে ফিরিয়ে ওপেনিংয়ে পাঠিয়েছে পাকিস্তান থিংক ট্যাংক। ডেল স্টেইনের মুখোমুখি হয়ে খুবই ভালো খেলল সে। নিজের ইচ্ছামতো সে সিঙ্গেলস নিচ্ছিল। মরনে মরকেল-অ্যাবটদের সামনেও তার ব্যাটিং ছিল সৃজনশীল। ডুমিনিকে এক ওভারে তিন ছক্কা মেরে যেন পুরো দলকেই পথ দেখাল সে। ইনজামাম, সাঈদ আনোয়ার এবং ইজাজ আহমেদের পর এ রকম সাহসী ব্যাটিং করতে পাকিস্তানের আর কাউকে দেখিনি আমি।
নাসির জামশেদ ব্যাটিং বা ফিল্ডিং সবকিছুতেই হতাশার নাম। ঘরোয়া মৌসুমেও তার ফিফটি মাত্র একটি। সরফরাজের জায়গায় নাসির জামশেদ কীভাবে প্রথম পছন্দ হলো, সেটাই আমার মাথায় ঢুকছে না।
পাকিস্তানের চার দ্রুতগতির বোলারের মধ্যে সোহেল ঘণ্টায় ১৩১ কিমি গতিতে বল করে। তবে চার-পাঁচ বছর পর ফিরল সে। শরীরে সে নমনীয়তাও নেই। নতুন বলে আমি রাহাত আলীকে আনতে চাইব। কারণ রাতের বেলা বল অনেক ঘুরছে।
মিসবাহ্র অধিনায়কত্বও চোখে পড়ার মতো। সে জানে ম্যাচ জয়ের একমাত্র সূত্রই হলো, ‘আক্রমণ করো এবং উইকেট নাও’। ভালো লাগছে যে সে ওই কাজটাই করেছে এবং সর্বাত্মক আক্রমণে গেছে।
দক্ষিণ আফ্রিকা প্রসঙ্গে একটু আসি। পঞ্চম বোলারের ব্যাপারে তাদের এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। টার্নিং উইকেটে ডুমিনি ঠিক আছে, তবে এই ধরনের উইকেটে নয়। এ ছাড়া রান তাড়া করাতেও তাদের সমস্যা আছে। মিলার, রুশোরা প্রতিভাবান; কিন্তু সবকিছু যেন এবির ওপরই নির্ভর করছে। বলতে পারেন অনেকটা নব্বইয়ের দশকের ভারতের মতো, যখন সবাই এক শচীন টেন্ডুলকারের দিকে তাকিয়ে থাকত।
এই বিশ্বকাপে অবশ্য দারুণ খেলছে ভারত এবং তাতেও আমি বিস্মিত নই। ওয়ানডেতে তারা সব সময়ই ভালো দল। তিন মাস ধরে অস্ট্রেলিয়ায় আছে দলটা। শারীরিকভাবে সবাই ফিট। বিশ্বকাপে তারা চ্যাম্পিয়নের মতোই খেলে। পেস বোলিংয়ের শক্তি বাড়িয়েছে মোহিত। সঙ্গে অভিজ্ঞ দুজন স্পিনার তো আছেই। (টিসিএম)