সরাসরি: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হলো না। টানা তিন ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। গাণিতিক বিচারে আজ নিউজিল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচটা তাই অর্থহীনই।
কিন্তু আসলেই কি তাই ? হয়তো অর্থহীন, তবে গুরুত্বহীন নয়। এই ম্যাচ যে বাংলাদেশের মাথা উঁচু করে বিদায় নেওয়ার ম্যাচ। তার চেয়েও বড় ব্যাপার, ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে প্রায় পুরোটা সময়
আধিপত্য ধরে রেখেও শেষ তিন বলের ভুতূড়ে কান্ডে জয়টা হাত থেকে ফেলে দিয়ে এসেছে মাশরাফি বিন মুর্তজার দল। আজ কিউইদের বিপক্ষে জয়ই হতে পারে সেই অতলান্ত আক্ষেপে কিছুটা প্রলেপ বোলানোর উপলক্ষ্য। পারবে বাংলাদেশ?
ম্যাচে আজও একই দল নিয়ে নামছে বাংলাদেশ। আজও সুযোগ পেলেন না নাসির হোসেন। তবে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় নিউজিল্যান্ড এই ম্যাচে বিশ্রাম দিয়েছে বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে থাকা মার্টিন গাপটিলকে। আর পেসার অ্যাডাম মিলনের বদলে দলে ফিরেছেন স্পিনার নাথান ম্যাককালাম। তার মানে আজও তিন স্পিনার নিয়ে নামছে কিউইরা।
টসে জিতে আগে ব্যাটিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আজও তিন পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশ পারবে সুপার টেনের শেষটা রাঙিয়ে দিতে?
জানতে হলে প্রথম আলোর সঙ্গেই থাকুন। প্রতি মুহূর্তে আপডেট পাবেন, সঙ্গে বাংলা ধারা বিবরণী। ম্যাচ সম্পর্কে আপনি আপনার তাৎক্ষণিক মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে পারেন কমেন্ট বক্সে।