সরিয়ে দেওয়া হলো ইন্তিখাবকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটি হয়তো কিছুই নয়। কিন্তু তার পরও অনেক কিছু। পাকিস্তান ক্রিকেটে কিছু ঘটলেই সেটাকে সাধারণ ঘটনার পর্যায়ে ফেলতে একটু সন্দেহ হয়। কে না জানে, এ জন্য দায়ী পাকিস্তান ক্রিকেট নিজেই! বিতর্ক এমন আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে পাকিস্তান ক্রিকেটকে, যে যেকোনো ঘটনার পেছনেই কোনো কারণ খুঁজতে বসে অনেকেই।ইন্তিখাব আলম পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার আর নেই। আসন্ন জিম্বাবুয়ে সফরে তাঁকে সরিয়ে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তান ওয়াপদার চেয়ারম্যান ও ক্রিকেট বোর্ড সদস্য নাভিদ আকরাম চিমাকে।তবে, ইন্তিখাবকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে কোনো ঘটনা নেই বলেই সাফ জানিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে তারা বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজারের পদটি কোনো স্থায়ী চাকরি নয়। সাধারণত একটি বা দুটি সিরিজের জন্য দলের ম্যানেজার নিয়োগ দেওয়া হয়। ইন্তিখাব বেশ কিছুদিন ধরেই ম্যানেজার ছিলেন। তাঁর আবার ক্রিকেট বোর্ডের সঙ্গে অন্য দায়িত্ব রয়েছে। তিনি জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান উন্নয়ন সমন্বয়কারী। তাই ওই কাজটিতে যেন তিনি বেশি সময় দিতে পারেন তাই ম্যানেজারের পদ নাভিদ আকরাম চিমাকে দেওয়া হয়েছে।’পাকিস্তান দল থেকে শহীদ আফ্রিদির বাদ পড়ার পেছনে ইন্তিখাবের সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জমা দেওয়া প্রতিবেদনে ইন্তিখাব আফ্রিদিকে একজন অযোগ্য অধিনায়ক হিসেবে অভিহিত করেন। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দুটি ওয়ানডে পাকিস্তান আফ্রিদির কারণেই হেরেছে বলে মত দেন।আফ্রিদি অবশ্য কিছুদিন আগে বলেছেন, তিনি দলে ফিরতে পারেন যদি পাকিস্তানের টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনা হয়। ইন্তিখাবকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কোচ ওয়াকারসহ অন্যদের নিয়ে এখনো কোনো কথা ওঠেনি।পিসিবির ভাষ্য অনুযায়ী ইন্তিখাবের বিদায়ের সঙ্গে আফ্রিদির ফিরতে চাওয়া বোধ হয় না মেলানোই ভালো। পিটিআই।