সরিয়ে দেওয়া হলো জাকা আশরাফকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও টালমাটাল পাকিস্তান ক্রিকেট। কাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত এক বছরের মধ্যে এ নিয়ে দুবার পদচ্যুত হলেন জাকা আশরাফ। আপাতত পিসিবি চালাবে ১১ জনের একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি। সেটির প্রধান করা হয়েছে আশরাফের ঠিক আগের কমিটির অন্তর্বর্তীকালীন প্রধান নাজাম শেঠিকে। কমিটিতে আছেন পিসিবির সাবেক সভাপতি শাহরিয়ার খান। আছেন সাবেক ক্রিকেটার জহির আব্বাস ও ইকবাল কাসিমও।
পাকিস্তান ক্রিকেটে এই রদবদল ব্যাপারটা নতুন কিছু নয়। তবে সিদ্ধান্তটা এমন এক সময়ে হলো, যখন ‘বিগ থ্রির’ সংশোধনী প্রস্তাব নিয়ে আলোড়িত ক্রিকেট-বিশ্ব। শ্রীলঙ্কার পাশাপাশি পাকিস্তানও সরাসরি প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিলেও প্রস্তাবটা পাস হয়ে গেছে। বরখাস্তের কারণ স্পষ্ট করে বলা হয়নি, কিন্তু ধারণা করা হচ্ছে প্রস্তাবের বিষয়টি ঠিকমতো সামলাতে না পারারই মাশুল দিতে হয়েছে আশরাফকে।
দায়িত্ব নেওয়ার পর শেঠি নতুন গঠনতন্ত্র প্রণয়নের কথা বলছেন, ‘আমাদের প্রধান কাজ পিসিবির নির্বাচনের জন্য নতুন একটা গঠনতন্ত্র তৈরি করা যেটির অধীনে পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন। আইসিসি বৈঠকের ব্যর্থতায় পাকিস্তানের ক্রিকেট বিচ্ছিন্ন ও সংখ্যালঘু হয়ে পড়েছে, এর মর্যাদা পুনরুদ্ধার করতে হবে আমাদের।’
আশরাফ অবশ্য এর আগে দাবি করেছিলেন তাঁকে বরখাস্তের ব্যাপারে কিছুই জানতেন না, ‘আমাকে কিছু জানানো হয়নি। যদি আমাকে বরখাস্ত করা হয় তাহলে আমি আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। এটা একটা গণতান্ত্রিক সরকারের গণতন্ত্রকে খুন করে ফেলা।’
সঠিক প্রক্রিয়ায় নির্বাচিত হননি, গত মে মাসে আদালতের এমন রায়ে পিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয় জাকা আশরাফকে। আইনি লড়াই চালিয়ে গত ১৫ জানুয়ারি আবার সভাপতির পদ ফিরে পান। কিন্তু এবার টিকতে পারলেন না এক মাসও। এএফপি, ওয়েবসাইট।