সরিয়েই দেওয়া হলো আফ্রিদিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাবধানী ব্যাটিংয়ের মাশুল অসংখ্যবার দিতে হয়েছে। এবার অসাবধানী কথাবার্তার মাশুলও দিতে হলো শহীদ আফ্রিদিকে। দল নির্বাচনে কোচের হস্তক্ষেপ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় ওয়ানডে অধিনায়কত্ব হারাতে হলো এই অলরাউন্ডারকে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হককে। তবে দলে আছেন আফ্রিদি। তাঁর টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি। ইজাজ বাট পিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের পঞ্চম ওয়ানডে অধিনায়ক হতে যাচ্ছেন মিসবাহ। এই সময়ে ৬ জন টেস্ট অধিনায়ক পেয়েছে পাকিস্তান!কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে আফ্রিদির সম্পর্কটা উষ্ণ ছিল না কখনোই। বিশ্বকাপের আগে অধিনায়কত্ব নিয়ে টানাপোড়েনের সময় ওয়াকারের ভোটটা পেয়েছিলেন মিসবাহ। কিন্তু পিসিবি আফ্রিদিকে অধিনায়ক রেখে দেয়। বিশ্বকাপটা ভালোভাবে পার হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেই আবার দুজনের সম্পর্কের অবনতি হয়। গুঞ্জন ছিল, দল নির্বাচনে ওয়াকারের ‘বাড়াবাড়ি’ হস্তক্ষেপে বিরক্ত আফ্রিদি। ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরে বিমানবন্দরে নিজের অসন্তুষ্টি সংবাদমাধ্যমের কাছে প্রকাশ্যে জানিয়েও দেন। পিসিবি খেপেছে এতেই। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে প্রকাশ্যে দলের পারফরম্যান্সের সমালোচনা করায় একবার সাবধান করে দেওয়া হয়েছিল আফ্রিদিকে। ওয়েবসাইট।তবে পাকিস্তান ক্রিকেটের ঐতিহ্য অনুযায়ী বিতর্কের গন্ধ পাওয়া যাচ্ছে আফ্রিদিকে সরানো নিয়েও। কদিন আগেই ‘কারণ দর্শাও’ নোটিশ দেওয়া হয়েছে আফ্রিদিকে, ওয়াকারের সঙ্গে ঝামেলা নিয়ে ইজাজ বাটের সঙ্গে তাঁর আলোচনাও হওয়ার কথা। তহবিল সংগ্রহের এক সফরে আফ্রিদি গত মঙ্গলবার গেছেন যুক্তরাষ্ট্রে। যাওয়ার আগে ফোনে বাটের সঙ্গে কথা হয়েছে আফ্রিদির এবং বাট তাঁকে আশ্বাস দিয়েছিলেন, ব্যাপারটা এত গুরুতর কিছু নয়। কিন্তু গত বুধবার এক টিভিতে বাট বলেন, আফ্রিদির অধিনায়কত্ব নিশ্চিত নয়। কাল সবকিছুই ‘নিশ্চিত’ হয়ে গেল। আফ্রিদির অধিনায়কত্বে ৩৪ ওয়ানডের ১৮টি জিতেছে পাকিস্তান, হেরেছে ১৫টি। গত বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ছাড়াও সিরিজ জিতেছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে।