সরে দাঁড়াল মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি ফেডারেশনের ২৭ জুনের নির্বাচনে অংশ নিচ্ছে না মোহামেডান জোট-সমর্থিত সাজেদ-মুনির পরিষদ। হকির চলমান সংকট এতে আরও বেড়ে গেল। ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ তুলে আজ এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মোহামেডান জোটের কর্মকর্তারা। সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিউল্লাহ আল মুনির মোহামেডান ক্লাব ভবনে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, ‘আমাদের কাউন্সিলরদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। আমাদের বিরুদ্ধে চালানো হচ্ছে নানা রকম অপপ্রচার। এনএসসি কোটায় মনোনীত ৫ কাউন্সিলর নিয়ে আমাদের শঙ্কার কথা জানিয়েছি ফেডারেশন সভাপতিকে। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন বিষয়টি দেখবেন। কিন্তু আজ দুপুর পর্যন্তও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। এসব বিবেচনায় নিয়ে হকি ফেডারেশনের নির্বাচন বয়কটের লক্ষ্যে মনোনয়নপত্র প্রত্যাহারসহ এই কমিটির নেতৃত্বাধীন কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।’

 ১৬ জুন মনোনয়নপত্র দাখিল করেন মোহামেডান জোটের ২৬ জন প্রার্থী। কিন্তু আজ সবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়।