সরে দাঁড়ালেন পাকিস্তানের প্রধান নির্বাচক

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলেন গত পরশু। এর এক দিন পরই গতকাল বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইকবাল কাশিম। ইকবাল কাশিম ঠিক কী কারণে সরে দাঁড়িয়েছেন, এ নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর, দল নির্বাচন নিয়ে তাঁর সঙ্গে কোচ ডেভ হোয়াটমোর, অধিনায়ক মিসবাহ উল-হক এবং টি-টোয়েন্টির অধিনায়ক মোহাম্মদ হাফিজের দ্বন্দ্বের কারণেই সরে দাঁড়িয়েছেন কাশিম। তবে খবরটা ‘সত্য নয়’ বলে দাবি ইকবাল কাশিমের, ‘কারও সঙ্গেই আমার বিবাদ নেই। পিসিবির কর্মকর্তাদের বলেছি, আমি আমার মেয়াদ শেষ করেছি। পরবর্তী দল নির্বাচনের জন্য আপনারা নতুন প্যানেল নির্বাচন করতে পারেন।’ বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাশিমের সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি অনুমোদন করেছেন পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নজম শেঠি। এক বিবৃতিতে কাশিমের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি, ‘দেশকে দারুণ সেবা দিয়েছেন কাশিম। তাঁর প্রতি শুভকামনা রইল। আশা করছি, আগামী দিনেও ক্রিকেট-সংক্রান্ত ব্যাপারে দলকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা দেবেন তিনি।’ গত মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে পাকিস্তান। এর পরই প্রচণ্ড চাপের মুখে পড়ে কাশিমের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। গত বছরের মার্চে দায়িত্ব পান কাশিম। এর আগেও অবশ্য পাকিস্তান দলের প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে টেস্ট ও ওয়ানডেতে ধবলধোলাই হওয়ার পর ২০১০ সালের জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন ৫০ টেস্ট খেলা সাবেক বাঁহাতি এই স্পিনার।